নড়াইল, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাসচালককে প্রহারের ঘটনাকে কেন্দ্র করে নড়াইল-যশোর সড়কে বাস বন্ধ হওয়ার চার ঘণ্টা পর পুনরায় চালু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে শ্রমিকরা বাস বন্ধ করে দেয়। কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্রমিকদের সঙ্গে বৈঠকে প্রশাসনের কর্মকর্তারা হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিকাল ৪টার দিকে বাস চলাচল শুরু হয়।
নড়াইল জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লোহাগড়া থেকে যশোরগামী একটি বাস দুপুর ১২টার দিকে নড়াইল শহরের ধোপাখোলা মোড় পৌঁছায়। এ সময় পাশ দেয়াকে কেন্দ্র করে এক মটর সাইকেল চালকের সঙ্গে ওই বাসের চালক মো. হালিমের (৩৫) কথা কাটাকাটি হয়। মটর সাইকেল চালক এক পর্যায়ে হালিমকে প্রহার করে।
এই ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকরা নড়াইল-যশোর রুটে বাস চলাচল বন্ধ করে দেয়।
নড়াইল জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক ছাদেক আহম্মেদ খান জানান, সন্ত্রাসীরা হামলা চালিয়ে বাসচালক হালিমসহ ১০ জনকে আহত করে।
বিকাল ৪টার দিকে বাস চলাচল শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করে ছাদেক আহম্মেদ বলেন, চালককে প্রহারের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৯১১ ঘ.
bdnews24