ঢাকা, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী ইকোনমিস্টে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়ে সরকার বলেছে, প্রতিবেদক শিষ্টাচার ও সাংবাদিকতার নীতিমালার তোয়াক্কা না করে ভুল তথ্যের ভিত্তিতে ওই প্রতিবেদন লিখেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার বিভাগের মহাপরিচালক মো. শামীম আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার বিকেলে সরকারের পক্ষ থেকে ইকোনমিস্টের সম্পাদক বরাবরে আনুষ্ঠানিক এই প্রতিবাদলিপি পাঠানো হয়।
পত্রিকাটির সর্বশেষ সংখ্যায় 'ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ: এম্ব্রেস্যাবল ইউ' শিরোনামের প্রতিবেদনে বলা হয়, ভূরাজনৈতিক স্বার্থে প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলতে চাইছে ভারত।
প্রতিবেদনটিকে 'ভিত্তিহীন ও মিথ্যাপূর্ণ' মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দ্য ইকোনমিস্টের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রকাশনার জন্য প্রতিবেদনটি লজ্জাজনক।"
পররাষ্ট্রমন্ত্রী বলেন, "এটি [দ্য ইকোনমিস্ট] বাংলাদেশ-ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল এবং ২০০৮ সালের নিরপেক্ষ এবং নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচনকে খাটো করেছে।"
মন্ত্রণালয়ের পাঠানো প্রতিবাদলিপিতে বলা হয়, "বিষয়গুলো ভালোভাবে না জেনেই লেখা ওই প্রতিবেদনে বিভিন্নভাবে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে এবং বিভিন্ন ঘটনা ভুলভাবে তুলে ধরা হয়েছে।"
প্রতিবাদলিপিটি প্রকাশ করার জন্য যথাযথ পদক্ষেপ নিতে ইকোনমিস্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে সরকার।
.'সূক্ষ্ম আন্তর্জাতিক প্রচারণা'
প্রতিবাদলিপিতে বলা হয়েছে, "প্রতিবেদনটি মনোযোগ দিয়ে পড়লে এটাই প্রতীয়মান হয় যে, প্রতিবেদক এমন একটি মহলের এজেন্ডা বাস্তবায়ন করছেন- যারা বাংলাদেশ ও শেখ হাসিনা নেতৃত্বাধীন বর্তমান সরকারের বিরুদ্ধে সূক্ষ্ম আন্তর্জাতিক প্রচারণা চালাচ্ছে।"
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আবার গণতন্ত্রের পথে ফিরেছে এবং এ দেশ নারীর ক্ষমতায়ন, খাদ্য নিরাপত্তা, দারিদ্র বিমোচনের ক্ষেত্রে 'মডেল' হয়ে উঠেছে উল্লেখ করে প্রতিবাদলিপিতে বলা হয়, "সরকার সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় জনগণ ইতোমধ্যে এর সুফল পেতে শুরু করেছে।"
'ভারতীয় অর্থ ও পরামর্শ'
প্রতিবাদলিপিতে বলা হয়, বর্তমান আওয়ামী লীগ সরকার 'ভারতীয় অর্থ এবং পরামর্শে' ক্ষমতায় এসেছেন বলে মত প্রকাশ করেছেন ওই প্রতিবেদনের লেখক।
"এটা পুরেপুরি মিথ্যা। সঠিকভাবে বলতে গেলে এই বক্তব্যের মধ্যে দিয়ে প্রতিবেদক দায়িত্বশীল সাংবাদিকতার প্রতি অবজ্ঞা প্রদর্শন করেছেন।"
২০০৮ সালে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বর্তমান সরকার ক্ষমতায় আসে উল্লেখ করে এতে বলা হয়, ওই নির্বাচন স্থানীয় ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে এবং তাতে জনগণের ইচ্ছার প্রতিফলন হয়েছে।
"তার [প্রতিবেদক] ওই বক্তব্যে গণতন্ত্রকামী একটি জাতিকে অপমান করা হয়েছে।"
ট্রানজিট বিষয়েও ওই প্রতিবেদক সঠিক ধারণা রাখেন না উল্লেখ করে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ভারত ও বাংলাদেশ মনে করে ট্রানজিট সুবিধা থেকে উভয় দেশই লাভবান হতে পারবে।
এ বিষয়ে ইকোনমিস্টের প্রতিবেদনে লেখা হয়েছে 'সেনাবাহিনীর লোকজনসহ ঢাকার অনেকেই সন্দেহ করে এটি [ট্রানজিট] ভারতের জন্য একটি নিরাপত্তা করিডোর তৈরির জন্যই [হচ্ছে]।'
আগামী সেপ্টেম্বরে ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় ট্রানজিট নিয়ে কয়েকটি প্রটোকল স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ-ভারত সম্পর্ক
ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়টিকে বাংলাদেশ সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখে- এমন মন্তব্য করে প্রতিবাদলিপিতে বলা হয়েছে, যৌথ ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের ভিত্তিতে গড়ে ওঠা এই সম্পর্ক কালের পরীক্ষায় উত্তীর্ণ।
২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়া দিল্লি সফরের সময় পারস্পরিক সহযোগিতার অঙ্গীকারের মধ্য দিয়ে এই সম্পর্ক একটি নতুন মাত্রা পেয়েছে বলেও এতে উল্লেখ করা হয়।
ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে বাংলাদেশের পক্ষ থেকে স্বাধীনতা সম্মাননা দেওয়া প্রসঙ্গে প্রতিবাদলিপিতে বলা হয়েছে, একাত্তরে স্বাধীনতা যুদ্ধের সময় তিনি বাংলাদেশের পক্ষে যে অনন্য ভূমিকা রাখেন- সে কারণে তাকে সম্মানিত করার বিষয়টি দীর্ঘদিন ধরেই অনুভূত হচ্ছিল।
১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি বাহিনী আক্রমণ শুরু করার পর এ ভূখণ্ডের লাখ লাখ মানুষকে আশ্রয় দিয়েছিলো ভারত। সমর ও কূটনৈতিক সহায়তা দিয়েছিলো বাংলাদেশের অস্থায়ী সরকারকে। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা বাংলাদেশের অস্থায়ী সরকারের স্বীকৃতি আদায়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। যুদ্ধপরবর্তী বাংলাদেশ গড়ার কাজেও ইন্দিরার সহযোগিতা পেয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
তার সেই ভূমিকা স্মরণ করে ২৫ জুলাই এক অনুষ্ঠানে ইন্দিরার পুত্রবধূ সোনিয়া গান্ধীর হাতে 'স্বাধীনতা সম্মাননা' তুল দেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।
"[কিন্তু] ওই সম্মাননার বিষয়টিকে নেতিবাচক দৃষ্টিকোণ থেকে উল্লেখ করে প্রতিবেদক স্বাধীনতার জন্য বাঙালির সংগ্রাম এবং তাতে ভারতীয়দের বন্ধুত্বপূর্ণ সহযোগিতাকেও খাটো করে দেখেছেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেকে/২৩২২ ঘ.
bdnews24