ঢাকা, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এজলাসে বিশৃঙ্খলার ঘটনায় বিএনপি সমর্থক ১৩ আইনজীবীকে পেশা থেকে বিরত থাকার নির্দেশনা দিয়ে জারি করা রুল স্থগিতের আবেদন হয়েছে। এই আবেদন গ্রহণ করা হবে কি-না, সে বিষয়ে আদেশ হবে আগামী রোববার।
১৩ আইনজীবীর পক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের কাছে এই আবেদন করেন।
সংবিধান ছুড়ে ফেলা নিয়ে ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান ফজলুল হক আমিনীর বিরুদ্ধে মামলার শুনানির সময় মঙ্গলবার আদালতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার একই ধরনের মন্তব্যের প্রসঙ্গ উঠলে বিএনপি সমর্থক আইনজীবীরা হৈ চৈ শুরু করেন। এ সময় সরকার সমর্থক আইনজীবীদের সঙ্গে তাদের হাতাহাতিও হয়।
এ বিষয়ে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ বুধবার একটি রুল জারি করে। এতে ১৩ আইনজীবীকে রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কাজ থেকে বিরত থাকতে বলা হয় এবং তাদের আদালতে প্রবেশ করার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়।
ওই রুলের ওপর স্থগিতাদেশ চেয়ে বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের কাছে আবেদন করেন খন্দকার মাহবুব হোসেন। আবেদনটি গ্রহণ করা হবে কি না- সে বিষয়ে চেম্বার আদালত রোববার আদেশের দিন রাখেন।
পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, "আমরা বলেছি, আদালতের এ ধরনের রুল দেওয়ার নিজস্ব ক্ষমতা আছে। বিশৃঙ্খলা যে আদালতে হয়েছে, ওই আদালত রুল ও নির্দেশনা দিয়েছে। তাই ওই রুলের বিবাদীরা সংশ্লিষ্ট আদালতে না গিয়ে এ ধরনের আবেদন করতে পারে কি-না তা খতিয়ে দেখা প্রয়োজন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৮০৬ ঘ.
bdnews24