নাটোর, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক প্রসূতির মৃত্যুর পর নাটোরে একটি ক্লিনিক ভাংচুর হয়েছে। প্রসূতির পরিবারের অভিযোগ, মেয়াদোত্তীর্ণ ইনজেকশন ব্যবহারই এ মৃত্যুর কারণ। তবে এ অভিযোগ নাকচ করেছে ক্লিনিক কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার ভোরে নাটোর শহরের হাফরাস্তা এলাকার শেফা ক্লিনিকে ভাংচুর হয় বলে পুলিশ জানিয়েছে। এক জন চিকিৎসককে মারপিট করে ওই ক্লিনিকে তালাও ঝুলিয়েছে স্থানীয়রা।
মৃত সাহিদা বেগম (৩২) শহরের উত্তর বড়গাছা এলাকার বাসিন্দা আবুল হোসেনের স্ত্রী।
সাহিদার ভাই শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার বিকালে সাহিদাকে সন্তান প্রসবের জন্য শেফা ক্লিনিকে ভর্তি করা হয়। বিকাল ৫টার দিকে তার এক ছেলে ও এক মেয়ে শিশু ভূমিষ্ঠ হয়। জন্মের পর শিশু দুটি সুস্থ থাকলেও সাহিদার খিঁচুনি শুরু হয়।
তিনি বলেন, "রাত সাড়ে ৩টার দিকে সাহিদার শরীরে 'জি-প্যাথেটিক' নামের একটি ইনজেকশন প্রয়োগ করার আধা ঘণ্টার মধ্যে সে মারা যায়। ইনজেকশনটি ২০১০ সালের অক্টোবরে মেয়াদোত্তীর্ণ হওয়ায় সেটা প্রয়োগ করতে নিষেধ করা সত্ত্বেও ক্লিনিক কর্তৃপক্ষ ওই ইনজেকশন দেয়।"
নাটোর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রসূতি মারা যাওয়ার পর স্থানীয় লোকজন ক্লিনিকের মালিক ও চিকিৎসক খলিলুর রহমানকে মারপিট করে ক্লিনিকে তালা লাগিয়ে দেয়।
তিনি জানান, তাৎক্ষণিকভাবে পুলিশ মোতায়েনের পরে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে চিকিৎসকের বিচার ও ক্ষতিপূরণের দাবিতে ক্লিনিকের সামনে অবস্থান নিয়েছে স্থানীয়রা।
শেফা ক্লিনিকের মালিক ডা. খলিলুর রহমান বলেন, "আমরা রোগীর যথাযথ চিকিৎসা দিয়েছি। কোনো মেয়াদোত্তীর্ণ ইনজেকশন প্রয়োগ করিনি। তবে অস্ত্রোপোচারের পর রোগী অত্যাধিক খিঁচুনির কারণে মারা গেছে।"
কিছু সুযোগ সন্ধানী লোক আমার ক্লিনিকে হামলা চালিয়ে তাণ্ডব চালিয়েছে, বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১১৫৫ ঘ.
bdnews24