২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রমজানে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখার পরামর্শ

রমজানে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিদ্যুৎ বিভাগকে সচেষ্ট থাকার পরামর্শ দিয়েছে একটি সংসদীয় স্থায়ী কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2011, 12:55 PM

Updated : 24 Aug 2022, 03:41 PM

ঢাকা, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজানে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিদ্যুৎ বিভাগকে সচেষ্ট থাকার পরামর্শ দিয়েছে একটি সংসদীয় স্থায়ী কমিটি। একইসঙ্গে কমিটি জানিয়েছে, মঙ্গলবার দেশে সর্বোচ্চ বিদ্যুৎ পাঁচ হাজার ২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া বুধবার সাংবাদিকদের এ কথা জানান। কমিটির বৈঠক শেষে সংসদ ভবনের প্রচার কক্ষে ব্রিফিংয়ে সভাপতি বলেন, "[বিদ্যুৎ] সংকট মোকাবেলায় বন্ধ থাকা সরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো দ্রুত চালু করার সুপারিশ রয়েছে কমিটির।" বৈঠকে মন্ত্রণালয় জানায়, সারা দেশে বিদ্যুতের বর্তমান চাহিদা সাত হাজার ৫০ মেগাওয়াট, এর মধ্যে ঢাকা মহানগরীর চাহিদা তিন হাজার পাঁচশ' মেগাওয়াট। ২০০৯ সালে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের সময় বিগত জোট সরকারের রেখে যাওয়া তিন হাজার দুশ ৮৫ মেগাওয়াট বিদ্যুতের স্থলে মঙ্গলবার পাঁচ হাজার ২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। বৈঠকে সরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর বর্তমান উৎপাদন পরিস্থিতি, ক্ষমতার তুলনায় কম উৎপাদনের কারণ এবং জনগণের চাহিদা বিশেষ করে চলমান রমজান মাসের অতিরিক্ত চাহিদা পূরণে মন্ত্রণালয়, পিডিবি ও আরইবি'র নেওয়া ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এই অগ্রগতিকে সাধুবাদ জানালেও বর্তমান অর্জনকে আরো ফলপ্রসূ ও জনমুখী করা এবং সরকারি খাতের চাহিদা পূরণকে অগ্রাধিকার দিয়ে পাশাপাশি বেসরকারি খাতকে সহায়তার পরামর্শ দেয় স্থায়ী কমিটি। বিদ্যুৎ সমস্যা 'উত্তরাধিকার সূত্রে' পাওয়া মন্তব্য করে সুবিদ আলী ভূঁইয়া জানান, চলমান সংকটের জন্য এই সরকারকে দায়ী করা যাবে না। বর্তমান সরকার বিদ্যুৎ সমস্যাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। কিন্তু মানুষ নগদ বিদ্যুৎ চায়, সরকার তা দিতে পারছে না। কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক, চিফ হুইপ মো. আব্দুস শহীদ, নিলুফার জাফর উল্লাহ, মো. আব্দুল কাদের খান, ওমর ফারুক চৌধুরী এবং শেখ ফজলে নূর তাপস বৈঠকে অংশ নেন। এছাড়া বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দুই সচিব এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর টকম/এমএইচসি/এমইউএস/পিডি/১৮৪৭ ঘ.