২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবা-ছেলেকে জুতার মালা পরানো সেই ইউপি চেয়ারম্যান কারাগারে

পুত্রবধূর সঙ্গে অনৈতিক সম্পর্কের অজুহাতে গ্রাম্য শালিসে বাবা ও ছেলেকে নাকে খত এবং গলায় জুতার মালা পরিয়ে ঘুরানোর অভিযোগে নীলফামারীর ডিমলা উপজেলার সেই ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে কারাগারে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2011, 02:25 PM

Updated : 24 Aug 2022, 03:41 PM

নীলফামারী, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুত্রবধূর সঙ্গে অনৈতিক সম্পর্কের অজুহাতে গ্রাম্য শালিসে বাবা ও ছেলেকে নাকে খত এবং গলায় জুতার মালা পরিয়ে ঘুরানোর অভিযোগে নীলফামারীর ডিমলা উপজেলার সেই ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার নীলফামারীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক আরিফা ইয়াসমিন মুক্তা ডিমলার খালিশা চাপানী ইউনিয়নের চেয়ারম্যান শাসসুল হককে কারাগারে পাঠানোর আদেশ দেন। ডিমলা থানার ওসি মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খালিশা চাপানীর বাইশপুকুর গ্রামের আব্দুল মজিদ ওরফে জদ্দির (৫৪) সঙ্গে তার পুত্রবধূ সায়েরা খাতুনের (২০) অনৈতিক সম্পর্কের অভিযোগ তোলে গ্রামের কয়েকজন। এ অভিযোগে শনিবার চেয়ারম্যান শামসুল হকের নির্দেশে আব্দুল মজিদ ওরফে জদ্দি ও তার বড় ছেলে রবিউল ইসলামকে (২৫) বাড়ি থেকে ধরে নিয়ে আসে চেয়ারম্যানের সমর্থকরা। তারপর চেয়ারম্যানের উপস্থিতিতে গ্রামের আব্দুল মজিদ ভাটিয়ার বাড়ির উঠানে সালিশ বসানো হয়। সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সালিশ চলে। চেয়ারম্যানের নির্দেশে বাবা আব্দুল মজিদ ওরফে জদ্দি ও বড় ছেলে রবিউল ইসলামকে প্রথমে নাকে খত দেওয়ানো হয়। পরে তাদের গলায় জুতার মালা পরিয়ে ডালিয়া বাজার এলাকায় ঘোরানো হয়। সোমবার জদ্দি বাদী হয়ে চেয়ারম্যান শামসুল হকসহ ১৬ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ফারুকুল আলম সোমবার রাতেই ডিমলা শহর থেকে চেয়ারম্যানকে গ্রেপ্তার করে মঙ্গলবার সকালে আদালতে হাজির করেন। আদালত চেয়ারম্যানের জামিন আবেদন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান ডিমলা থানার ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২০২০ ঘ.