খুলনা, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনায় পশ্চিম সুন্দরবন বিভাগের কাশিয়াবাদে হরিণের মাংস বিক্রির সময় দুজনকে হাতেনাতে আটক করা হয়েছে।
তাদের কাছ থেকে হরিণের ১২ কেজি মাংস উদ্ধার করা হয়েছে।
বন বিভাগের কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা শহীদুল হক জানান, সোমবার রাত ১১টার দিকে কাশিয়াবাদ স্টেশনের দক্ষিণে কয়রা গ্রামে ওয়াপদা সড়ক থেকে তাদের আটক করা হয়।
তারা হলো কয়লা উপজেলার মঠবাড়ী গ্রামের জয়নাল সানার ছেলে বাবলু সানা (৩২) এবং একই গ্রামের মৃত খালেক সানার ছেলে বাবুল (২৫)।
শহীদুল হক জানান, মোবাইল ফোনে খবর পেয়ে তিনি কয়েকজন কর্মচারীকে নিয়ে ঘটনাস্থলে যান এবং হরিণের মাংস বিক্রি হচ্ছে দেখতে পান।
তাদের উপস্থিতি টের পেয়ে ৩-৪ জন কিছু মাংসসহ নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। তারা দুজনকে আটক করেন।
আটককৃতরা জানায়, সোমবার দুপুরে তারা গভীর সুন্দরবন থেকে ২টি হরিণ শিকার করে। হরিণ দুটি জবাই করে প্রায় ৫০কেজি মাংশ পাওয়া যায়। এর মধ্যে ২০-২৫ কেজি বিক্রি করা হয়েছে এবং কিছু মাংস তাদের সঙ্গীরা নদীতে ফেলে দিয়েছে।
শহীদুল হক জানান, তারা পেশাদার হরিণ শিকারী। তদেরকে কয়রা থানায় হস্তান্তর করার পর তাদেরকে গ্রেপ্তার করা হয়। আদালতের আদেশে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/২০০৬ ঘ.
bdnews24