ঢাকা, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে ডাকাত সন্দেহে পিটিয়ে ছয় ছাত্র হত্যার ঘটনায় গঠিত পুলিশের তদন্ত কমিটি আরো ১৫ দিন সময় চেয়েছে।
গত ১৭ জুলাই সাভারের আমিন বাজারে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়। তীব্র সমালোচনার মুখে ঘটনার তিন দিন পর পুলিশ একটি তদন্ত কমিটি করে। কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়, যে সময়সীমা আগামী বৃহস্পতিবার শেষ হবে।
কমিটির সদস্য সচিব ও ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তদন্তের জন্য আরো সময় চেয়ে আবেদন করেছেন তারা।
"তদন্ত করতে গিয়ে অনেক কাজ করতে হচ্ছে। এজন্য বৃহস্পতিবারের মধ্যে তদন্ত শেষ না হওয়ার সম্ভাবনাই বেশি। সে জন্য গত রোববার তদন্তের মেয়াদ আরো ১৫ দিন বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে", বলেন তিনি।
তদন্ত কমিটির আন্তরিকতার কথা জানিয়ে পুলিশ কর্মকর্তা রফিকুল বলেন, "তদন্ত নিয়ে যেন প্রশ্ন না ওঠে, সে দিকে লক্ষ্য রাখা হচ্ছে। অনেক সাক্ষীর সাক্ষ্য নেওয়া প্রয়োজন। অর্ধশতাধিক ব্যক্তির সাক্ষ্য নেওয়া হয়েছে। আরো সমপরিমাণ সাক্ষীর সাক্ষ্য নেওয়া হতে পারে।"
পুলিশ সদর দপ্তরের উপ মহাপরিদর্শক (ডিআইজি-প্রশাসন) আমির উদ্দিনকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- পুলিশের বিশেষ শাখার (এসবি) বিশেষ পুলিশ সুপার মাসুদ করিম, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বিশেষ পুলিশ সুপার শেখ মো. রেজাউল হায়দার।
সিআইডি মামলার নথি নিয়েছে
ছয় ছাত্রের হত্যার ঘটনায় দায়ের হওয়া দুটি মামলার নথি সোমবার সিআইডি সাভার থানা থেকে গ্রহণ করেছে। এর আগেই মামলাগুলোর তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিআইডিকে।
সিআইডির অতিরিক্ত পুরিশ সুপার মোজাম্মেল হক নথিগুলো বুঝে নেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সাভার থানার পরিদর্শক (তদন্ত) মতিয়ার রহমান।
তদন্ত কমিটি সাভারে
তদন্ত কমিটির সদস্যরা মঙ্গলবার সকালে পুলিশের সাভার সার্কেল কার্যালয়ে যান। সেখানে প্রায় চার ঘণ্টা অবস্থান করেন তারা। এসময় তারা পুলিশের ১০ কনস্টেবল, সাভারের ওসি মাহবুবুর রহমান, পরিদর্শক (তদন্ত) মতিয়ার রহমান, উপপরিদর্শক আনোয়ার হোসেন ও হারেস শিকদার এবং সহকারী উপপরিদর্শক কায়সার মাতব্বরের জবানবন্দি নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/প্রতিনিধি/এমআই/১৭৩০ ঘ.
bdnews24