বরিশাল, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের মেহেন্দিগঞ্জে সালিশের নামে তিন সন্তানের জননীকে নির্যাতনের অভিযোগে আলিমাবাদ ইউপি চেয়ারম্যান কাজী আবদুর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে তাকে বরিশাল লঞ্চঘাট থেকে গ্রেপ্তার করা হয় বলে জেলা পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য জানিয়েছেন। রশিদ বরিশাল-৪ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদের আপন চাচা।
রিপা বেগম নামে ওই গৃবধূর অভিযোগ, ৩০ জুলাই রাতে চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে সালিশের নামে চেয়ারম্যান রশিদ বৈদ্যুতিক তার পেঁচানো লাঠি দিয়ে তাকে উপুর্যপরি আঘাত করতে থাকেন। এতে তিনি অচেতন হয়ে পড়েন।
ঘটনার দুই দিন পর সোমবার রিপা বেগমকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের তিন তলার নয় নম্বর ওয়ার্ডে তিনি চিকিৎসাধীন।
জেলা পুলিশ সুপার জানান, রিপা বেগম বরিশাল শেরে বাংলা মেডিকেল সেন্টারের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) মাধ্যমে মামলা করবেন।
ওই মামলায় চেয়ারম্যান কাজী আবদুর রশিদকে গ্রেপ্তার দেখানো হবে।
ওসিসির উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুম বলেন, চেয়ারম্যানসহ কয়েকজনকে আসামি করে মামলা করার কথা জানিয়েছেন রিপা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫৫৮ ঘ.
bdnews24