ঢাকা, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আফগানিস্তানে অপহরণের সাড়ে সাত মাস পর মুক্ত হয়েছেন পাঁচ বাংলাদেশি। এক সপ্তাহের মধ্যে তারা দেশে ফিরছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
তাদেরসহ মোট সাত জনকে গত বছরের ১৭ ডিসেম্বর মাজার-ই-শরীফ এলাকা থেকে তুলে নিয়ে যায় বন্দকুধারীরা। দুদিন পর ছাড়া পান দুজন।
মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, "আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে অপহৃত পাঁচ জনই আজ সকালে মুক্তি পেয়েছেন। তারা সবাই সুস্থ আছেন। আশা করা হচ্ছে আগামী এক সপ্তাহের মধ্যে তারা দেশে ফিরতে পারবেন।"
মুক্তিপ্রাপ্তরা হলেন- টাঙ্গাইলের মো. আমিনুল ইসলাম, মো. শফিকুল আলম ও মো. লাভলু রহমান, রাজশাহীর মাহবুব আলী এবং চট্টগ্রামের মো. ইমাম উদ্দিন।
বলখ প্রদেশের মাজার-ই-শরীফের কাছ থেকে সামহোয়ান কর্পোরেশনের অধীনে কর্মরত ওই বাংলাদেশিদের অপহরণ করা হয়। অপহরণকারীদের হামলায় কাজী আলতাফ হোসেন নামে এক জন বাংলাদেশি ক্রাশার ম্যাশিন অপরেটর তখন মারাও যান।
আফগানিস্তানের গোত্র প্রধানদের মধ্যস্থতায় ওই পাঁচ বাংলাদেশি মুক্তি পেয়েছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
তাদের মুক্তির জন্য কোনো মুক্তিপণ দিতে হয়েছে কিনা- জানতে চাওয়া হলে দীপু মনি বলেন, "আমি যতদূর জানি এজন্য কোনো মুক্তিপণ দিতে হয়নি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল/এমআই/১৬২৯ ঘ.
bdnews24