সিলেট, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট নগরীতে একদিনে ৩০টি ট্রান্সফরমার বিকল হয়ে পড়ায় বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়। নগরীর অধিকাংশ এলাকা বিকাল পর্যন্ত বিদুৎহীন অবস্থায় ছিলো। তবে সন্ধ্যার পর অবস্থার খানিকটা উন্নতি হয়।
ট্রান্সফরমার ওভারলোডেড ও সঞ্চালন লাইন জরাজীর্ণ হয়ে পড়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে।
রোববার রাতে সিলেট বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর আওতাধীন এলাকার ৩০টি ট্রান্সফরমার একে একে বিকল হয়ে পড়ে। সোমবার বিকেলে পর্যন্ত নগরবাসীকে বিদ্যুৎ নিয়ে চরম ভোগান্তির শিকার হতে হয়।
সিলেট বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী রতন কুমার বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিলেটের বেশিরভাগ ট্রান্সফরমার ওভারলোডেড ও জোড়াতালি দিয়ে চলছে। সঞ্চালন লাইনও জরাজীর্ণ হয়ে পড়েছে। এর ফলে রোববার রাত ১২টা থেকে ৪টা পর্যন্ত এই অঞ্চলের ৩০টি ট্রান্সফরমার বিকল হয়ে যায়।
জনবল ও যানবাহন সংকট ও যান্ত্রিক ক্রটি না থাকলে সিলেটের গ্রাহকদের বিদ্যুত নিয়ে দুর্ভোগে পড়তে হতো না বলে মন্তব্য করেন তিনি।
গত ১৬ জুলাই সিলেটে জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত রোজায় সিলেটে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ দেন। একই সঙ্গে সিলেটের বিদ্যুৎ সমস্যা চিহ্নিত ও সমাধানের উপায় বের করে তিনদিনের মধ্যে তার কাছে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন অর্থমন্ত্রী।
বিদ্যুতের দাবিতে সোমবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত পীরমহল্লার গ্রাহকরা আম্বরখানা-শাহী ঈদগাহ সড়ক অবরোধ ও বিদ্যুৎ বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন।
পরে কর্তৃপক্ষ সন্ধ্যার আগে ট্রান্সফরমার মেরামতের আশ্বাস দিলে গ্রাহকরা অবরোধ তুলে নেন।
এ ব্যাপারে বিদ্যুৎ বিতরণ অঞ্চল সিলেটের প্রধান প্রকৌশলী শাহীনুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অর্থমন্ত্রীর নির্দেশে ট্রান্সফরমার ও সঞ্চালন লাইন সংস্কারের কাজ শুরু হয়েছে।
তিনি জানান, সিলেটে বিদ্যুতের চাহিদা ১২২ মেগাওয়াট। তার বিপরীতে গড়ে প্রতিদিন ১১০-১১৫ মেগাওয়াট সরবরাহ করা হয়।
ইতোমধ্যে ১১ হাজার ভোল্টের লাইন ও এলটি লাইন মেরামত এবং ট্রান্সফরমার পরিবর্তনের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। বিকল হওয়া ট্রান্সফর্মার রাতেই মধ্যেই মেরামত করে ফেলা হবে বলে জানান শাহীনুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/পিডি/২০০০ ঘ.
bdnews24