২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দূষণ: দুই কারখানার ৭১ লাখ টাকা জরিমানা

কারখানার অপরিশোধিত তরল বর্জ্য ফেলে আশুলিয়া বিল ও তুরাগ নদীর পানি দূষণের অভিযোগে রোববার দুটি কারখানাকে ৭১ লাখ ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2011, 02:44 PM

Updated : 24 Aug 2022, 03:40 PM

গাজীপুর, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারখানার অপরিশোধিত তরল বর্জ্য ফেলে আশুলিয়া বিল ও তুরাগ নদীর পানি দূষণের অভিযোগে রোববার দুটি কারখানাকে ৭১ লাখ ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী র‌্যাব-২ এর সহায়তায় আশুলিয়া এলাকার ল্যান্ডমার্ক ফেব্রিকস ও মার্ক টেরি লিমিটেড নামের দুটি কারখানায় অভিযান চালিয়ে ওই জরিমানা করেন। দুই কারখানার মধ্যে পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতি করার দায়ে ল্যান্ড মার্ক ফেব্রিকসকে ৪৪ লাখ ৮০হাজার টাকা এবং মার্ক টেরি লিমিটেডকে ২৬ লাখ ৫৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ইটিপি কার্যকরভাবে চালু করারও নির্দেশ দেওয়া হয়। মোহাম্মদ মুনীর চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) বন্ধ রেখে ডাইং কারখানার অপরিশোধিত তরল বর্জ্য আশুলিয়া বিল ও তুরাগ নদীতে নির্গমন ও পরিবেশ দূষণের বিষয়টি ধরা পড়ে। এ ছাড়া দুটি কারখানার বর্জ্য নির্গমনস্থল পরিদর্শন এবং কারখানার কর্মকর্তাদের উপস্থিতিতে তরল বর্জ্যের নমুনা তাৎক্ষণিক রাসায়নিক পরীক্ষা করে দ্রবীভূত অক্সিজেন পায় যথাক্রমে ০.৩২, ০.১৬ ও ০.১২ মিলিগ্রাম/লিটার, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। পরিবেশ আইন অনুযায়ী, পানিতে জলজ প্রাণীর অস্তিত্বের জন্য ন্যূনতম ৪ দশমিক ৫ মিলিগ্রাম দ্রবীভূত অক্সিজেন প্রয়োজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২০৩৯ ঘ.