বগুড়া, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় খালাস পেয়েছেন আহলে হাদীস আন্দোলন বাংলাদেশের আমির ড. আসাদুল্লাহ আল গালিবসহ তিন জন।
রোববার বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ আদালতের বিচারক কাজী শাহীনা নিগার এ মামলার রায় দেন।
খালাস পাওয়া অন্যরা হলেন- মো. শফিউল্লাহ ও জয়নাল সরকার।
২০০৫ সালের ১৫ জানুয়ারি বগুড়ার শাজাহানপুর উপজেলার লক্ষ্মিকোলা গ্রামের রওশান জাহান উচ্চ বিদ্যালয়ের নাট্য অনুষ্ঠানে বোমাহামলায় নিহত হয় ওই গ্রামের শফিকুল (৩০) নামে এক যুবক।
পরদিন শফিকুলের বাবা হাবিবুর রহমান বাদি হয়ে শাজাহানপুর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ তদন্তের পর হত্যা ও বিস্ফোরক আইনে দুটি অভিযোগপত্র দেয়। বিস্ফোরক মামলায় রায় হলো রোববার।
রায়ের সময় গালিবসহ অন্য দুজনকে কারাগার থেকে আদালতে আনা হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আহলে হাদীস যুবসংঘ আন্দোলনের সাবেক সভাপতি গালিবের আইনজীবী সামছুল আলম সাংবাদিকদের জানান, বগুড়ায় তিনটি মামলার মধ্যে দুটি মামলায় গালীব খালাস পেয়েছেন। আরেকটি মামলা বিচারাধীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯০০ ঘ.
bdnews24