বগুড়া/সিরাজগঞ্জ, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মালিক-শ্রমিকদের দ্বন্দ্বের কারণে বগুড়া ছেড়ে আসা কোনো বাস ঢাকা যেতে পারছে না। সিরাজগঞ্জের শ্রমিকরা বাসগুলোকে আটকে দিচ্ছে।
দুই পক্ষের বিরোধের কারণে শনিবার বগুড়ার শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকলেও পরে প্রশাসনের মধ্যস্ততায় সমঝোতা হলে রাতে কর্মসূচি প্রত্যাহার করে।
বগুড়ার বাস মালিক ও শ্রমিকরা জানায়, রাতে সমঝোতার পর রোববার সকাল থেকে গাড়ি চলা শুরু হলেও সিরাজগঞ্জের চান্দাইকোনা এলাকায় সেখানকার শ্রমিকরা বগুড়ার বাস আটকে দিচ্ছে।
এতে বগুড়া থেকে ঢাকামুখে আর বাস চলছে না। ফলে ওই অঞ্চলের যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে। অবশ্য বগুড়ার বাসগুলোকে আটকালেও অন্য জেলার বাস সিরাজগঞ্জে আটকানো হচ্ছে না।
বগুড়া মোটর মালিক গ্র"পের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক আমিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যদি গাড়ি চলাচল এভাবে ব্যাহত হয়, তবে তারা আবার ধর্মঘট ডাকবেন।
অন্যদিকে সিরাজগঞ্জ মোটর মালিক সমিতির সভাপতি জিন্না আল মাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার রাতে বৈঠকে একতরফা সিদ্ধান্ত হয়েছে।
সিরাজগঞ্জ জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বগুড়া মোটর মালিক গ্র"পের অনড় অবস্থানের কারনে গতকালের আলোচনা ফলপ্রসূ হয়নি। তাই শুধু বগুড়ার বাস চান্দাইকোনা থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে।"
অন্য জেলার কোনো বাস চলাচলে বাধা দেওয়া হচ্ছে না বলে তিনি জানান।
২২ জুলাই রংপুর ও বগুড়ার বাস মালিকরা প্রশাসনের সঙ্গে আলোচনা করে বগুড়ার দ্বিতীয় বাইপাস সড়ক দিয়ে গাড়ি চালানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু সিরাজগঞ্জ মোটর মালিক সমিতি ওই সভায় ছিলো না। এ নিয়ে দ্বন্দ্বের জের ধরে সিরাজগঞ্জের শ্রমিকরা শুক্রবার বেলাল নামে বগুড়ার এক শ্রমিককে চান্দাইকোনা এলাকায় মারপিট করে।
বেলালকে মারপিটের বিচার দাবিতে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন শনিবার ধর্মঘট ডাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমআই/১৫০০ ঘ.
bdnews24