২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়িগঙ্গায় নৌদুর্ঘটনা তদন্তে কমিটি

বুড়িগঙ্গায় নৌকাডুবির ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি করে তাদের সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2011, 07:41 AM

Updated : 24 Aug 2022, 03:40 PM

ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুড়িগঙ্গায় নৌকাডুবির ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি করে তাদের সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলেছে সরকার। শনিবার রাতে বালুবাহী বার্জের ধাক্কায় ডুবে যাওয়া ওই নৌকার দুই আরোহীর লাশ রোববার দুপুর পর্যন্ত উদ্ধার করা হয়েছে। তবে কয়েকজনের খোঁজ না পেয়ে এখনো তীরে আছেন তাদের স্বজনরা। ইঞ্জিনচালিত নৌকাটি তুলে আনতে দুপুরে কাজ শুরু করে উদ্ধারকারী জাহাজ রুস্তম। বেলা ৩টার দিকে এটি ডাঙ্গায় তুলে আনা হয়। নৌকাটিকে রাতেই তীরের কাছে টেনে আনা হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডাব্লিওটিএ) সদরঘাটের পরিচালক (ট্রাফিক) শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সমুদ্র পরিবহন অধিদপ্তরের প্রধান সার্ভেয়ার প্রকৌশলী শাহাদাত হোসেনকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- সমুদ্র পরিবহন অধিদপ্তরের উপপরিচালক শাহজাহান হাওলাদার ও পরিদর্শক শফিক আইয়ুব। দুর্ঘটনার জন্য বার্জটিকে দায়ী করে একটি মামলা হয়েছে বলে জানিয়েছেন কেরানীগঞ্জ মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান। এর বাদি হয়েছেন থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম। ঘটনাস্থলে উপস্থিত কেরানীগঞ্জ মডেল থানার সহকারী উপপরিদর্শক মোহাম্মদ জালাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে দুজনের লাশ উদ্ধারের পর আর কোনো লাশ পাওয়া যায়নি। এদিকে নদীর পাড়ে সকালেও কয়েকজনকে অপেক্ষা করতে দেখা যায়, যারা বলছেন- তাদের স্বজনরা ওই নৌকায় ছিলেন এবং তাদের খোঁজ এখনো মেলেনি। রাজু মোহাম্মদ নামে এক ব্যক্তি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার শাশুড়ি মমতাজ বেগমের খোঁজ তারা এখনো পাননি। মাসুমা বেগম নামে এক মহিলাও খোঁজ করছিলেন তার খালাতো ভাই আব্দুর রহমানের। শনিবার রাত পৌনে ৯টার দিকে শতাধিক যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত নৌকাটি মিটফোর্ড হাসপাতাল ঘাট বরাবর বুড়িগঙ্গা নদীতে ডুবে যায়। তবে এর আরোহীদের অধিকাংশই সাঁতরে এবং অন্য নৌকার সহায়তায় কূলে আসে। সুমন লাল নামে এক প্রত্যক্ষদর্শী জানান, নৌকাটি শতাধিক যাত্রী নিয়ে বাবুবাজার ঘাট থেকে কামরাঙ্গীরচর মাদবর বাজার ঘাট যাচ্ছিলো। মিটফোর্ড ঘাট বরাবর নদীতে পশ্চিম দিকে থেকে আসা একটি বার্জ নৌকাটিকে ধাক্কা দিলে এটি পানিতে তলিয়ে যায়। নৌকাডুবির পরপরই উদ্ধার কার্যক্রম শুরু হয়। রাত ১১টার দিকে মোস্তফা কামাল রিপন (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। তিনি মিটফোর্ড হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারী ছিলেন। পরে পাওয়া যায় মোহাম্মদ আমির নামে আরেক জনের লাশ। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। নৌকাডুবিতে আহত চার জন মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন। তারা হলেন- নিহত রিপনের স্ত্রী মণিকা আক্তার (২২), আল আমিন (২৮), আবু তাহের (৪০) ও সোলয়মান (৩৫)। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের উদ্ধারকারী জাহাজ অগ্রণী রাত ১টার দিকে দুর্ঘটনাস্থল থেকে ২০০ গজ দূরে ডুবে যাওয়া নৌকাটি সনাক্ত করে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান অগ্নি নির্বাপণ বাহিনীর উপ-পরিচালক মিজানুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১৬০৫ ঘ.