২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়িগঙ্গায় নৌকাডুবি

বালুবাহী বার্জের ধাক্কায় বুড়িগঙ্গা নদীতে ডুবে যাওয়া ইঞ্জিনচালিত নৌকাটি সনাক্ত এবং দুজনের লাশ উদ্ধার হয়েছে। নৌকা উদ্ধার অভিযান স্থগিত এবং মৃতদেহ সন্ধান অভিযান সমাপ্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2011, 04:00 PM

Updated : 24 Aug 2022, 03:40 PM

ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বালুবাহী বার্জের ধাক্কায় বুড়িগঙ্গা নদীতে ডুবে যাওয়া ইঞ্জিনচালিত নৌকাটি সনাক্ত এবং দুজনের লাশ উদ্ধার হয়েছে। নৌকা উদ্ধার অভিযান স্থগিত এবং মৃতদেহ সন্ধান অভিযান সমাপ্ত হয়েছে। অগ্নি নির্বাপণ বাহিনীর উপ-পরিচালক মিজানুর রহমান সাংবাদিকদের শনিবার রাত ৩টায় জানান, দুর্ঘটনায় নিহতের সন্ধান অভিযান সমাপ্ত হয়েছে। 'কেউ নিখোঁজ রয়েছেন- এমন কোনো অভিযোগ আমরা পাইনি।' প্রায় একই সময়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান আবদুল মালেক জানান, সনাক্ত হওয়া নৌকাটি তীরে টেনে আনার কাজ আপাতত স্থগিত করা হয়েছে। এ ঘটনায় আহত আরো চারজন মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনাস্থল থেকে দুশ গজ পশ্চিমে নৌকাটি রাত ১টার দিকে সনাক্ত করে বিআইডব্লিউটিএ'র উদ্ধারকারী জাহাজ অগ্রণী। রাত ১১টার দিকে মোস্তফা কামাল রিপন (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটমকে জানান অগ্নি নির্বাপণ বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা সৈয়দ হোসেন খান। রিপন মিটফোর্ড হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারী ছিলেন। আরেকটি লাশ পাওয়া নৌকাটিকে তীরের দিকে সরিয়ে আনতে শুরু করলে। তার পরিচয় জানা যায়নি। চিকিৎসাধীনরা হলেন- রিপনের স্ত্রী মণিকা আক্তার (২২), আল আমিন (২৮), আবু তাহের (৪০) ও সোলয়মান (৩৫)। শনিবার রাত পৌনে ৯টার দিকে শতাধিক যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত নৌকাটি মিটফোর্ড হাসপাতাল ঘাট বরাবর বুড়িগঙ্গা নদীতে ডুবে যায়। আবু তাহের জানান, ট্রলারে প্রায় একশ যাত্রী ছিলো। এদের মধ্যে ১০-১২ জন নারী এবং কয়েকজন শিশু ছিলো। চিকিৎসাধীনরা জানান, ট্রলারডুবির পর তারা সাঁতড়াতে থাকলে নদীতে থাকা বিভিন্ন নৌকা তাদের উদ্ধার করে। সুমন লাল নামে এক প্রত্যক্ষদর্শী জানান, ইঞ্জিনচালিত নৌকাটি শতাধিক যাত্রী নিয়ে বাবুবাজার ঘাট থেকে কামরাঙ্গীর চর মাদবর বাজার ঘাট যাওয়ার পথে মিটফোর্ড ঘাট বরাবর পশ্চিম দিকে থেকে আসা একটি বার্জ নৌকাটিকে ধাক্কা দিলে সেটি পানিতে তলিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/০৩৩২ ঘ.