ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনগণকে তথ্য জানতে না দেওয়া সংস্কৃতির অংশ হিসেবে দাঁড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল।
শনিবার এক অনুষ্ঠানে তিনি বলেন, সংবিধান অনুযায়ী এ দেশের মালিক জনগণ। তাই দেশের স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো তথ্য জানার অধিকার তাদের রয়েছে।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে 'তথ্য অধিকার আইন বাস্তবায়নের চ্যালেঞ্জসমূহ এবং তথ্য অধিকার আইন: প্রায়োগিক নির্দেশিকা'র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের চেয়ারপার্সন সুলতানা কামাল বলেন, যদি কোন ক্ষমতাসীন সরকারের মধ্যে গণতন্ত্রের চর্চা না থাকে কিংবা সরকার যখন স্বৈরতান্ত্রিক হয়ে ওঠে তখন প্রথমেই যে কাজটি করে তা হল জনগণকে কোনো তথ্য জানতে না দেওয়া।
তথ্য কমিশনের সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, "আমরা আইনগতভাবে স্বাধীন হলেও প্রায়োগিকভাবে স্বাধীন নই।"
তথ্য অধিকার আইনের প্রায়োগিক সাফল্যের ক্ষেত্রে সাধারণ জনগণকে শিক্ষিত করে তোলার প্রতি গুরুত্বারোপ করেন কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভ এর গবেষক মায়া দারুওয়ালা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তথ্য কমিশনের মোহম্মদ জমির এবং টিআইবি এর উপদেষ্টা হাফিজ উদ্দিন খান।
গোয়েন্দা সংস্থা এবং রাষ্ট্রীয় নিরাপত্তায় নিয়োজিত প্রতিষ্ঠানগুলোকে জনসাধারণ ও সাংবাদিকদের তথ্য প্রদানের বাধ্যবাধকতার বাইরে রেখে ২০০৯ সালের ২৯ মার্চ জাতীয় সংসদে তথ্য অধিকার বিল পাস হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/আরএ/১৯৫৯ ঘ.
bdnews24