২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ১

মৌলভীবাজারে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2011, 08:56 AM

Updated : 24 Aug 2022, 03:40 PM

মৌলভীবাজার, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অপহরণের তিন দিন পর শনিবার ভোরে কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বাঘরিয়াল গ্রাম থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। অপহরণে জড়িত থাকার অভিযোগে মোক্তার মিয়া (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে রাজনগর থানার ওসি মো. হাসানুজ্জামান জানিয়েছেন। গ্রেপ্তার মোক্তার ও ওই স্কুলছাত্রীকে দুপুরে আদালতে পাঠানো হয়। আদালত ওই স্কুলছাত্রীর জবানবন্দি নেওয়ার পর মোক্তারকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। মোক্তার রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের কাশিপুর গ্রামের এরশাদ মিয়ার ছেলে। ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কামারচাক ইউনিয়নের তারাপাশা উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্রীকে গত বুধবার বিকালে বিদ্যালয় থেকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে কৌশলে কুলাউড়ায় নিয়ে যায় মোক্তার। ঘটনার দিনই ছাত্রীর বাবা মোক্তারকে আসামি করে থানায় মামলা করলে ওই যুবককে গ্রেপ্তারে তৎপরতা শুরু করে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৫০ ঘ.