২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে নেমে গায়ক আবিদসহ দুই তরুণের মৃত্যু

কক্সবাজারে সাগরে নেমে ক্লোজআপ-ওয়ান তারকা আবিদ শাহরিয়ারসহ দুই তরুণের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2011, 03:26 PM

Updated : 24 Aug 2022, 03:39 PM

কক্সবাজার, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারে সাগরে নেমে তরুণ গায়ক আবিদ শাহরিয়ার (২৩) ও তার সহকর্মী মুত্তাকিন মাহমুদ তূর্যের (২৩) মৃত্যু হয়েছে। আশেক মোস্তফা (২২) নামে তাদের আরেক সঙ্গী নিখোঁজ রয়েছেন। তার সবাই বিজ্ঞাপনী সংস্থা 'মাত্রা'য় কর্মরত ছিলেন। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার পাল জানান, শুক্রবার সন্ধ্যার দিকে বিজ্ঞাপনী সংস্থাটির বেশ কয়েকজন কর্মী কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে পানিতে নামেন। এক পর্যায়ে ঢেউয়ের তোড়ে তাদের তিন জন ভেসে যান। কিছুক্ষণ পর দুই জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা গেলেও একজনের খোঁজ পাওয়া যায়নি। জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ওই দুই জনের মৃত্যু হয় বলে জানান তিনি। 'মাত্রা'র অন্যতম পরিচালক সানাউল আরেফিন সাংবাদিকদের বলেন, "বিজ্ঞাপনের নির্মাণের কাজে ৩৫ জনের একটি দল নিয়ে আমরা বৃহস্পতিবার কক্সবাজার এসে পর্যটনের মোটেল প্রবালে উঠি। আমাদের সঙ্গে সংস্থার কর্ণধার আফজাল হোসেনও রয়েছেন। সন্ধ্যায় গোসল করতে নেমে ঢেউয়ের তোড়ে আমাদের তিন জন ভেসে যায়।" সংস্থাটির সিনিয়র এক্সিকিউটিভ অফিসার আসমা জানান, আবিদ শাহরিয়ার ছিলেন একজন সম্ভাবনাময় রবীন্দ্রসঙ্গীত শিল্পী। ২০০৫ সালে এনটিভিতে প্রচারিত ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় গান গেয়ে তিনি জনপ্রিয়তা পান। আগামী সপ্তাহে তার দ্বিতীয় অ্যালবাম প্রকাশিত হওয়ার কথা ছিল। আবিদের গ্রামের বাড়ি খুলনায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করে কয়েক মাস আগে সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে বিজ্ঞাপনী সংস্থা 'মাত্রায়' যোগ দেন তিনি। মাত্রার আরেক কর্মী মুত্তাকিন মাহমুদ তুর্য থাকতেন ঢাকার মিরপুরের হাউজিং স্টাফ কোয়ার্টারে। এছাড়া নিখোঁজ আশেক মোস্তফার বাসা ঢাকার রামপুরায়। তার বাবা কে জি মোস্তফা একজন চিত্রশিল্পী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২১১৫ ঘ.