শেরপুর, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই মাস ১২ দিনের মাথায় শেরপুরের সীমান্ত এলাকা থেকে আবারো কয়েকশ' গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বিজিবি ঝিনাইগাতি উপজেলার নকশী ক্যাম্পের কম্পানি কমান্ডার নায়েক সুবেদার তাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সকাল ৯টার দিকে বিজিবির একটি টহল দল ঝিনাইগাতি উপজেলার গজনী এলাকায় একটি সেতুর নিচ থেকে চাইনিজ রাইফেলের ২৭০টি গুলি উদ্ধার করে।
এর আগে গত ১৭ মে কাছাকাছি এলাকা থেকে ৩৬৭টি গুলি উদ্ধার করে পুলিশ। গত ৯ মে একই এলাকার বাকাকুড়া গুচ্ছগ্রামের এটি বাড়ির উঠানের মাটি খুঁড়ে পাওয়া যায় ৯৯৫টি গুলি। ২০১০ সালের ১৮ ডিসেম্বরও একই গ্রাম থেকে ১৩ হাজার ৬৮০টি গুলি উদ্ধার করা হয়েছিল।
নায়েক সুবেদার তাজুল ইসলাম জানান, গুলিগুলো পলিথিনের প্যাকেটে মুড়ে সেতুর নিচ মাটিতে গর্ত করে লুকিয়ে রাখা হয়েছিলো।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ঝিনাইগাতী থানার ওসি হেলালউদ্দিন তরফদার।
তবে এসব গুলি কারা সেখানে রেখেছে- সে বিষয়ে বিজিবি বা পুলিশ কিছু জানাতে পারেনি।
গত বছর গুলি উদ্ধারের পর বিজিবির পক্ষ থেকে বলা হয়েছিল- সেগুলো ভারতের বিদ্রোহী কোনো দলের বলেই তাদের ধারণা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/১৯১১ ঘ.
bdnews24