২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাব পরিচয়ে অপহরণচেষ্টা, ৪ জন গ্রেপ্তার মৌলভীবাজারে

মৌলভীবাজারের কমলগঞ্জে র‌্যাব পরিচয়ে এক ব্যবসায়ী ও দোকানকর্মীকে অপহরণের সময় ধরে মারধরের পর চার যুবককে পুলিশে দিয়েছে জনতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2011, 11:43 AM

Updated : 24 Aug 2022, 03:39 PM

মৌলভীবাজার, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের কমলগঞ্জে র‌্যাব পরিচয়ে এক ব্যবসায়ী ও দোকানকর্মীকে অপহরণের সময় ধরে মারধরের পর চার যুবককে পুলিশে দিয়েছে জনতা। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। দুর্বৃত্তদের কাছ থেকে হ্যান্ডকাপও পাওয়া গেছে। গ্রেপ্তার চার জন হলেন- সিলেটের ওসমানী নগর থানার ব্রাহ্মণগাওয়ের আলী হোসেন (২৫), জায়ফরপুর গ্রামের জামাল মিয়া (২৫), সিলেট সদরের তীরপুর গ্রামের নুরুল ইসলাম (৩০) ও আনোয়ার হোসেন (৩০)। যাদের অপহরণের চেষ্টা করা হয়েছিলো, তারা হলেন- কমলগঞ্জের শমশেরনগর বাজারের কাপড় ব্যবসায়ী আবদুল আহাদ (২৮) ও তার দোকানের কর্মী শামছু মিয়া (২২)। কুলাউড়া থানার ওসি কামরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১০টার দিকে চার যুবক নিজেদের র‌্যাব সদস্য পরিচয় দিয়ে শমশেরনগর বাজারের বিপণি বিতান রয়েল প্লাজার কাপড় ব্যবসায়ী আহাদ ও শামছুকে জোর করে একটি মাইক্রোবাসে তুলে দ্রুত বাজার ত্যাগ করে। বিষয়টি নিয়ে সন্দেহ হলে বাজারের এক দল ব্যবসায়ী মটর সাইকেল নিয়ে ধাওয়া করে কিছু দূরে মাইক্রোবাসটি আটকায়। কিন্তু যুবকদের সঙ্গে ওয়াকিটকি ও হ্যান্ডকাপ দেখে তাদের ছেড়ে দেয় বলে ওসি জানান। এরপর মাইক্রোবাসটি ছেড়ে দিলে তা শ্রীপুর বরমচাল হয়ে সিলেটের দিকে রওনা হয়। কিন্তু পরে খোঁজ-খবর নিয়ে স্থানীয়দের পুনরায় সন্দেহ হলে তারা মোবাইল ফোনে তা আশপাশের এলাকাবাসীকে জানায়। স্থানীয়রা জানায়, খবর পেয়ে উপজেলার পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য গ্রামের ভাটেরা বাজার এলাকায় সড়কে ব্যারিকেড দেওয়া হয়। দুপুর ১২টার দিকে তা অতিক্রম করার সময় মাইক্রোবাসটি রাস্তার পাশে ধানক্ষেতে পড়ে যায়। তখন জনতা চার যুবককে আটকে পুলিশে খবর দেয় বলে মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরুল ইসলাম জানান। তিনি ঘটনাস্থলে গিয়ে চার যুবককে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। অপহরণকারীদের কাছ থেকে ৫ হাজার টাকা, একটি ওয়াকিটকি ও একটি হ্যান্ডকাপ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে। তবে স্থানীয়দের ভাষ্যমতে, আহাদ আলীর কাছ থেকে দেড় লাখ টাকা নিয়েছিলো ওই চার যুবক। ওয়াকিটকি ও হ্যান্ডকাপ কীভাবে ওই যুবকদের কাছে গেলো, তা খতিয়ে দেখা হচ্ছে বলে কুলাউড়া থানার ওসি কামরুল জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৩০ ঘ.