২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুলতান উৎসব শুরু

বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে সুলতান উৎসব শুরু হয়েছে। এ উৎসব শেষ হবে ৩১ জুলাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2011, 06:22 AM

Updated : 24 Aug 2022, 03:40 PM

নড়াইল, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে সুলতান উৎসব শুরু হয়েছে। এ উৎসব শেষ হবে ৩১ জুলাই। শুক্রবার থেকে শুরু হওয়া তিন দিনের এ উৎসবে থাকছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। উৎসবের সবচেয়ে প্রধান আকর্ষণ চিত্রা নদীতে নৌকা বাইচ হবে ৩১ জুলাই বিকালে। শিল্পীর জন্মবার্ষিকী ১০ অগাস্ট। এ দিনটি ধরে ২০০৬ সাল থেকে প্রতিবছর সুলতান উৎসব হলেও রোজার কারণে এবার উৎসব এগিয়ে আনা হয়েছে বলে জানান এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ। শুক্রবার সকাল সাড়ে ১০টায় ষষ্ঠ সুলতান উৎসব উদ্বোধন করেন নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাওলাদার মো. রকিবুল বারী। এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন এবং বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ উৎসবে সহযোগিতা করছে বাংলালিংক। এসএম সুলতানের পুরো নাম শেখ মোহাম্মদ সুলতান। ১৯২৩ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় এক দরিদ্র কৃষক পরিবারে জন্ম নেন এ শিল্পী। ছেলেবেলায় বাবা-মা তাকে ডাকতেন লাল মিয়া বলে। আর্থিক অনটনের মধ্যে নড়াইলের ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলে তার প্রাতিষ্ঠানিক শিক্ষার শুরু। কিন্তু পাঁচ বছর না কাটতেই বাড়ি ফিরে রাজমিস্ত্রির কাজ শুরু করেন সুলতান। এ কাজেই দালানের গায়ে ছবি আঁকতে আঁকতে নিজের ভেতরে এক শিল্পীর সঙ্গে পরিচয় হয় তার। স্থানীয় জমিদার ধীরেন্দ্রনাথ রায়ের সহযোগিতায় ১৯৩৮ সালে কলকাতা যান সুলতান। ১৯৪১ সালে ভর্তি হন কলকাতা আর্ট স্কুলে। তিন বছর পর সেখানেও ইতি। ১৯৪৩ সালে খাকসার আন্দোলনে যোগ দেওয়ার পর ঘুরে বেড়ান উপমহাদেশের বিভিন্ন স্থানে। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। বিভিন্ন শহরে ঘুরে ঘুরে সুলতান ছবি এঁকে বিক্রি করতেন ব্রিটিশ আর মার্কিন সৈন্যদের কাছে। এভাবেই শিল্পী হিসেবে কিছুটা পরিচিতি আসে। সুলতানের আঁকা ছবির প্রথম প্রদর্শনী হয় ১৯৪৬ সালে ভারতের সিমলায়। ১৯৪৭ এ দেশ বিভাগের পর তখনকার পূর্ব পাকিস্তানে ফেরেন এই শিল্পী। কিছুদিন দেশে থেকে চলে যান পশ্চিম পাকিস্তানে। সেখান থেকে যুক্তরাষ্ট্র। তার ছবির বেশ কয়েকটি প্রদর্শনী হয় সেখানে। ১৯৫৩ সালে জন্মস্থান নড়াইলে ফেরার পর থেকে জীবনের বেশিরভাগ সময় এখানেই কাটান এ শিল্পী। প্রতিষ্ঠা করেন 'শিশুস্বর্গ' ও 'চারুপীঠ' নামে দুটি প্রতিষ্ঠান। ১৯৭৬ সালে ঢাকায় শিল্পকলা একাডেমীতে প্রদর্শনীর পর দেশের শিল্পীসমাজে পরিচিতি মেলে তার। আশির দশকের শেষ দিকে সুলতানের স্বাস্থ্য খারাপ হতে থাকে। ১৯৯৪ সালের ১০ আগস্ট যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু হয় এ যশস্বী শিল্পীর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমআই/১২১৫ ঘ.