ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় তার বাবাকে মারধর করেছে বখাটেরা।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে পুরান ঢাকার আহমদ বাওয়ানী স্কুল এন্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে।
অষ্টম ও দশম শ্রেণীতে পড়ুয়া দুই মেয়েকে নিয়ে পায়ে হেঁটে বাসায় ফেরার পথে বৃহস্পতিবার বিকেলে উত্ত্যক্তকারীদের মারধরের শিকার হন বাবা বুলবুল আহমেদ।
বুলবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইফাত,বাবু ও ফয়সাল নামে তিন বখাটে আমার মেয়েদেরকে উদ্দেশ্য করে আপত্তিকর কথা বলে।
"এ সময় আমি প্রতিবাদ করায় তারা প্রথমে রড দিয়ে ও পরে কিলঘুষি মারতে শুরু করে। দুই মেয়ে চিৎকার শুরু করলে তারা দৌড়ে পালিয়ে যায়।"
তিনি বলেন, আজ (বৃহস্পতিবার) আমি প্রথম তাদের আনতে স্কুলে যাই। অন্যদিনও তারা তাদের ও অন্য মেয়েদের উত্ত্যক্ত করে বলে মেয়েরা আমাকে জানায়।
এ ঘটনায় বংশাল থানায় একটি মামলা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ওসি জমির উদ্দিন আহমেদ।
তিনি বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।
গতবছরের উত্ত্যক্ততার প্রতিবাদ জানিয়ে বখাটেদের হামলায় দেশে অন্তত দুজন নিহত হন। পরবর্তী সময়ে সরকার উত্ত্যক্তা প্রতিরোধের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত চালু করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/২৩০৫ ঘ.
bdnews24