ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রতিরক্ষা সচিব সালাহউদ্দিন আহমেদের অবস্থা সংকটজনক, জানিয়েছেন তার ছেলে।
সালাহউদ্দিনের ছেলে খালেদ সালাহউদ্দিন বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই দিন ধরে বাবাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তিনি এখন পুরোপুরি কমাতে রয়েছেন।
গত ২৬ জুলাই সিদ্দিশ্বরীর বাসায় আকস্মিকভাবে মস্তিষ্কে রক্তক্ষরণ হলে সালাহউদ্দিন আহমেদকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখার পর গত দুইদিন ধরে অবস্থার অবনতি ঘটলে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়।
সালাহউদ্দিন আহমেদের বয়স ৮৭ বছর। তিনি ১৯৫২ সালে পাকিস্তান পুলিশ সার্ভিসে যোগ দেন। তিনি পুলিশের ডিআইজিসহ বিভিন্ন পদে কাজ করেছেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি জনপ্রশাসনের সচিবসহ অন্যান্য পদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ১৯৮৩ সালে প্রতিরক্ষা সচিব হিসেবে তিনি অবসরে যান।
পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেওয়ার আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রভাষক ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২১৫৯ ঘ.
bdnews24