ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর হাজারীবাগে ঘরের বাথরুম থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
সুমাইয়া রহমান মৌরি (২২) নামে ওই গৃহবধূ বুধবার রাতের কোনো এক সময় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ।
হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পশ্চিম ধানমণ্ডির ১৫ নম্বর সড়কের ২৭১ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।
মৌরির দেবর রফিকুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মৌরি এবং তার স্বামী খায়রুল হাসান মিশু ফ্লাটের একটি কক্ষে থাকতেন। পাশের কক্ষগুলোতে আমি, আমার মা ও বোনকে দিয়ে থাকতাম।
বুধবার রাত ২টা পর্যন্ত জেগে থাকার কথা জানিয়ে তিনি আরো বলেন, সকালে তার ভাই ঘুম থেকে উঠে বাথরুমে গিয়ে দেখেন ভেতর থেকে দরজা লাগানো। অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া না পাওয়ায় দরজা ভেঙে ভেতরে ঢুকে মৌরিকে শাওয়ারের পাইপের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় পান।
পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায়।
এসআই মিজানুর জানান, প্রাথমিকভাকে একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/১৮৫৮ ঘ.
bdnews24