২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমিনবাজারে ছাত্রহত্যা চাঞ্চল্যকর মামলার তালিকায়

আমিনবাজারে গণপিটুনিতে ছয় ছাত্র নিহতের ঘটনায় করা হত্যামামলাটি চাঞ্চল্যকর মামলার তালিকায় অন্তর্ভুক্তির নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2011, 10:23 AM

Updated : 24 Aug 2022, 03:39 PM

ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমিনবাজারে গণপিটুনিতে ছয় ছাত্র নিহতের ঘটনায় করা হত্যামামলাটি চাঞ্চল্যকর মামলার তালিকায় অন্তর্ভুক্তির নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে চাঞ্চল্যকর মামলা নিয়ে ৬৯তম মনিটরিং সেলের সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। গত ১৮ জুলাই শবে বরাতের রাতে রাজধানীর উপকণ্ঠে আমিনবাজারের বরদেশী এলাকায় গণপিটুনিতে নিহত হয় ঢাকার ছয় ছাত্র। তাদের বিরুদ্ধে ডাকাতির অভিযোগে স্থানীয় এক ব্যবসায়ী একটি মামলা করেন। অন্যদিকে ছয় জনকে হত্যার অভিযোগে আরেকটি মামলা করে পুলিশ। হত্যা মামলাটি চাঞ্চল্যকর মামলার তালিকায় যোগ করার সিদ্ধান্ত হয়েছে। সাহারা বলেন, সভায় ১২টি চাঞ্চল্যকর হত্যামামলা নিয়ে আলোচনা হয়। এর মধ্যে বসুন্ধরা কর্মকর্তা সাব্বির হত্যা মামলা, রমনা জামে মসজিদ ইমাম হাফেজ মো. ইসহাক অপহরণ ও হত্যা মামলা ও সিলেটে মুক্তিযোদ্ধা আনোয়ারা আবেদীন চৌধুরী হত্যামামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে। গত সভায় ২০১০ সালের ৭ ডিসেম্বর যে ১০টি মামলা নিয়ে আলোচনা হয়েছে, তার সবগুলোরই অভিযোগপত্র দেওয়া হয়েছে বলে বৈঠকে জানানো হয়। লক্ষ্মীপুরের বিএনপি নেতা নুরুল ইসলাম হত্যামামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি এএইচএম বিপ্লবের দণ্ড মওকুফের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "রাষ্ট্রপতি যে কোনো ব্যক্তিকে ক্ষমা করতে পারেন, সে অধিকার তার রয়েছে।" রাষ্ট্রপতির কাছে সুপারিশ পাঠানোর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ক্ষমার আবেদনটি যাচাই করেছিলো কি না, জানতে চাওয়া হলে সে প্রশ্ন এড়িয়ে যান মন্ত্রী। সাহারা জানান, এ পর্যন্ত মনিটরিং সেলে ৩৯৬টি মামলা চাঞ্চল্যকর মামলা হিসেবে নেওয়া হয়েছে। এর মধ্যে ৩৬২টি মামলার তদন্ত শেষ হয়েছে, ৩৪টি মামলার তদন্ত চলছে, ১৭৭টি মামলার বিচার শেষ চলছে, মামলা নিষ্পত্তি হয়েছে ১৫৭টি, ১২৫টি মামলায় সাজা দেওয়া হয়েছে, ৩২টি মামলায় আসামিরা খালাস পেয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৬২০ ঘ.