বাগেরহাট, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বাগেরহাটের একটি আদালত।
এছাড়া তাদের প্রত্যেককে ত্রিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো চার বছর করে সশ্রম কারাভোগ করতে হবে।
বুধবার বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. বেলায়েত উল্লাহ এ রায় দেন।
দণ্ডিতরা হলেন বাগেরহাটের রামপাল উপজেলার বাঁশের হুলা গ্রামের মাইনূর শেখ, প্রসাদনগরের আল আমিন শেখ ও হাবিব শেখ।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় হাফিজুর রহমান নামের একজনকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রায় ঘোষণার সময় সবাই কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মামলার নথি থেকে জানা গেছে, ২০০২ সালের ১৭ ডিসেম্বর বাঁশের হুলা গ্রামের প্রয়াত আকরাম মল্লিকের মেয়ে জুলিয়া খাতুনের (১৪) লাশ নিজঘর থেকে উদ্ধার করা হয়।
ঢাকায় ফরেনসিক পরীক্ষায় ঘটনাটি হত্যাকাণ্ড বলে প্রমাণিত হয়।
২০০৩ সালের ১৬ মে জুলিয়ার মা আম্বিয়া বেগম থানায় একটি হত্যা মামলা করেন।
পুলিশের তদন্ত প্রতিবেদনে বলা হয়, জুলিয়াকে ঘরে একা পেয়ে চার যুবক শারীরিক নির্যাতনের পর তাকে শ্বাসরোধ করে হত্যা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯৫১ ঘ.
bdnews24