চট্টগ্রাম, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যেসব এলাকায় তৈরি পোশাক কারখানা রয়েছে সেসব এলাকায় পরিকল্পিতভাবে লোডশেডিং ব্যবস্থাপনার দাবি জানিয়েছে ব্যবসায়ীরা।
বুধবার চট্টগ্রামে এক মতবিনিময় সভায় তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ এর নেতৃবৃন্দ বিদ্যুৎ প্রতিমন্ত্রী মুহাম্মদ এনামুল হকের কাছে এ দাবি জানান।
কারখানা সংশ্লিষ্ট এলাকায় লোডশেডিং এর আগে মালিকদের অবহিত করারও দাবি জানানো হয় সভায়।
সভায় বিজিএমইএ এর প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প অধ্যুষিত এলাকায় ট্রান্সফরমার বিকল হলে ১২ ঘণ্টার মধ্যে তা প্রতিস্থাপনের দাবি জানান।
এছাড়া বিশ্বের প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে যেকোন কারখানার বিদ্যুৎ বিল তিন মাস পর্যন্ত বকেয়া ও সংযোগ বিচ্ছিন্ন না করা, করলে অন্তত ১৫ দিন আগে মালিকদের জানানো এবং গ্যাস সরবরাহ বৃদ্ধি করে বন্ধ বিদ্যুকেন্দ্রগুলো চালু করার দাবি জানান তারা।
মালিকদের উদ্দেশে এনামুল হক বলেন, "আপনারা জনগণের জন্য কাজ করছেন। আপনাদের চাহিদা অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে। স্বাধীনতা আসলেও দেশে এখনো অর্থনৈতিক মুক্তি আসে নি। পাশের দেশগুলো অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে গেছে।"
ব্যবসায়ীরা সরকারের 'একটিভ পার্টনার' উল্লেখ করে তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
বিজিএমইএ এর চট্টগ্রাম কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর মোকতাদির আলী, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের ব্যবস্থাপনা পরিচালক সানোয়ার হোসেন, পিডিবি চট্টগ্রাম অঞ্চলের প্রধান প্রকৌশলী আসাদ উল্লাহ সভায় বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৮৪২ ঘ.
bdnews24