মৌলভীবাজার, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় একটি স্কুলে ইসলাম শিক্ষা পরীক্ষার প্রশ্নপত্রে ভুল এবং আপত্তিকর কথা উল্লেখ থাকায় পরীক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
কর্তৃপক্ষের কাছে শিক্ষার্থীরা 'আপত্তিকর' প্রশ্নটির সংশোধনের তাৎক্ষণিক দাবি জানালেও তাতে কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেননি বলে জানিয়েছে শিক্ষার্থীরা।
একদিন পর ভুল স্বীকার করে নিয়ে সংশ্লিষ্ট প্রশ্নপত্রগুলো 'বাজার থেকে কেনা' বলে বুধবার মন্তব্য করে কর্তৃপক্ষ। কুলাউড়ার হাজীপুর ইউনিয়নের কানিহাটি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার স্কুলের দ্বিতীয় সাময়িক পরীক্ষায় সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের বহু নির্বাচনী প্রশ্নপত্র নিয়ে এ ঘটনা ঘটে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন পরীক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১০টায় পরীক্ষা শুরু হলে তারা প্রশ্নপত্র হাতে পান। 'ক' সেটের ১২ নম্বর প্রশ্নে লেখা ছিল "সালাত জাহান্নামের চাবি" এটি কার বাণী ? এ প্রশ্নে চারটি সম্ভাব্য উত্তর দেওয়া দেওয়া হয়েছে- ক) আল্লাহর, খ) মহানবী (স.)-এর, গ) হযরত উমর (রা.) এর, ঘ) হযরত আলী (রা.)-এর।
তারা অভিযোগ করেন, প্রশ্ন বিতরণের পর পরীক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে 'আপত্তিকর' এ প্রশ্নটি সংশোধন করে দেওয়ার দাবি জানালেও কর্তৃপক্ষ তা করে দেননি। এতে পরীক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্ঠি হয়।
বুধবার ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজল উদ্দিন বিষয়টির সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন, "এই প্রশ্নপত্র ছাপায় ভুল হয়েছে। প্রশ্নপত্রগুলো 'বাজার থেকে কেনা'।"
ভুলটি তাৎক্ষণিকভাবে সংশোধন করা হয়নি কেন জানতে চাইলে তা এড়িয়ে যান ফজল উদ্দিন।
কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা মোবাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগেই প্রশ্নপত্র দেখে দেওয়া উচিত ছিলো। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৮৪০ ঘ.
bdnews24