ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনশক্তি রপ্তানিতে প্রতারণা এবং অতিরিক্ত অভিবাসন ব্যয় রোধে জেলা পর্যায়ে শুরু হওয়া নিবন্ধন কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে বিকেলের অধিবেশনে প্রবাসী কল্যাণ এবং শ্রম বিষয়ে ডিসিদের সঙ্গে মত বিনিময় করেন প্রবাসী কল্যাণমন্ত্রী।
এ সময় ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়াও ডিসিদের সঙ্গে তার মন্ত্রণালয় সম্পর্কিত বিষয়ে আলোচনা করেন।
পরে প্রবাসী কল্যাণ মন্ত্রী সাংবাদিকদের জানান, এখন থেকে নিবন্ধন ছাড়া একজন কর্মীও বিদেশে যাবে না। এ জন্য জেলা পর্যায়ে নিবন্ধন কার্যক্রম শুরু করা হয়েছে।
"এতে বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে প্রতারণা এবং অতিরিক্ত অভিবাসন ব্যয় বন্ধ করা সম্ভব হবে।"
মন্ত্রী আসন্ন রমজান ও ঈদকে সামনে রেখে সম্ভাব্য শ্রমিক অসন্তোষ এবং শ্রমিকদের মজুরি নিশ্চিত করতে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের নির্দেশনা দেন বলে জানান বৈঠকে উপস্থিত একজন জেলা প্রশাসক।
তিনদিনব্যাপী এ সম্মেলন শুরু হয়েছে মঙ্গলবার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/১৮২০ ঘ.
bdnews24