চট্টগ্রাম, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীতে গণপরিবহনে কাউন্টার সার্ভিস বন্ধ করতে বুধবার সকালে ভাংচুরের ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।
মালিক ও চালক-হেলপারদের একাংশের বিরোধিতার কারণে এ সার্ভিস চালু করা কঠিন হয়ে পড়ছে বলে অভিযোগ করেছেন মালিক সমিতির নেতারা।
বুধবার সকাল থেকে কাউন্টার বাস সার্ভিস চালু করার পরপর নগরীর বহদ্দারহাট এবং মুরাদপুর এলাকায় বিক্ষুব্ধ যাত্রীরা ২৫ থেকে ৩০টি গাড়ি ভাংচুর করে বলে পুলিশ জানিয়েছে। মালিক সমিতিগুলোর দাবি প্রায় শতাধিক গাড়ি ভাংচুর করা হয়েছে ।
তবে প্রত্যক্ষদর্শী, গণপরিবহনের চালক-শ্রমিক, পুলিশ ও মালিক পক্ষের কয়েকজন নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, কাউন্টার সার্ভিস বন্ধে 'পরিকল্পিতভাবেই' এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে।
সকালে ভাংচুরের পর কয়েক ঘণ্টা নগরীর সব রুটে বাস, মিনিবাস ও হিউম্যান হলার চলাচল বন্ধ ছিল। দুপুরের পর গাড়ি চলাচল স্বাভাবিক হলেও কাউন্টার ব্যবস্থা ছিল না।
এদিকে সাধারণ যাত্রীদের দাবি কাউন্টার সার্ভিসের নামে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় করা হচ্ছে।
পুলিশ বলছে, এ ঘটনায় কাউন্টার সার্ভিসবিরোধী গাড়ি মালিকদের একাংশ জড়িত থাকতে পারে।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পাঁচলাইশ অঞ্চলের সহকারী কমিশনার (এসি) আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভাংচুরের ঘটনায় যাত্রীবেশে কোনো স্বার্থান্বেষী মহল অংশ নিয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্র"প ও সিটি বাস মালিক মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, কিছু সংখ্যক চালক-শ্রমিক জড়িত থাকা বিচিত্র নয়। কাউন্টার সার্ভিস চালু করায় যাদের স্বার্থে আঘাত লেগেছে তারা এটা করে থাকতে পারে।
চট্টলা বাস-মিনিবাস হিউম্যান হলার ঔনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গোলাম রসুল বাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রমিক সংগঠনের কিছু নেতা-কর্মী কাউন্টার পদ্ধতিতে বাস চালাতে চায় না। ভাংচুরের ঘটনায় এদের কেউ কেউ জড়িত থাকতে পারে।
গত শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ২৫ জুলাই সকাল ৭টা থেকে কাউন্টার ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছিল চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্র"প।
এ গ্র"পের অধীনে চারটি মালিক সমিতি অর্ন্তভুক্ত। এর বাইরে আরো চারটি মালিক সমিতি রয়েছে যারা কাউন্টার সার্ভিস চালুর বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।
উদ্ভূত পরিস্থিতি নিয়ে ডিসি ট্রাফিকের সঙ্গে বিকালে বৈঠকে বসেন পরিবহন মালিক সমিতির নেতারা।
বৈঠকের বিষয়ে চট্টরা পরিবহনের সহ-সভাপতি মোজাহের হোসেন জানান, সভায় ডিসি ট্রাফিক বিষয়টি তদন্ত ও বৃহস্পতিবার থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েনের কথা জানিয়েছেন।
সিএমপি'র ট্রাফিক বিভাগের উপ-কমিশনার (ডিসি) ফারুক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভাংচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার থেকে কাউন্টার সার্ভিসের অধীনেই গণপরিবহন চলবে।
মোজাহের জানান, বৃহস্পতিবার থেকে নগরীর ৫, ৬, ১০ এবং ১০/এ এই চারটি রুটে কাউন্টার পদ্ধতিতে গণপরিবহন চালানো সম্ভব হবে। বাকি রুটে ক্রমান্বয়ে চালু করা হবে।
মালিক সমিতির নেতাদের তথ্য মতে, নগরীর ১২টি রুটে ৮৫০টি বাস, মিনিবাস ও ১১টি রুটে ৬৫০টি হিউম্যান হলার চলাচল করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/এমসি/পিডি/২৩৫২ ঘ.
bdnews24