২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণ মামলার আসামি জামিন নিতে এসে গ্রেপ্তার

ছাত্রী ধর্ষণমামলায় আদালতে জামিন চাইতে এসে গ্রেপ্তার হয়েছেন বাগেরহাটের রামপাল উপজেলার এক কোচিং সেন্টারের শিক্ষক মিশকাত হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2011, 02:09 PM

Updated : 24 Aug 2022, 03:38 PM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রী ধর্ষণমামলায় আদালতে জামিন চাইতে এসে গ্রেপ্তার হয়েছেন বাগেরহাটের রামপাল উপজেলার এক কোচিং সেন্টারের শিক্ষক মিশকাত হোসেন। মঙ্গলবার বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া ও বিচারপতি নাঈমা হায়দারের বেঞ্চে হাজির হয়ে মিশকাত আগাম জামিনের আবেদন করলে আদালত তাকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়। মিশকাত হোসেন রামপাল উপজেলার গৌরম্ভা বাজারের আশা কোচিং সেন্টারে পড়াতেন। গত ২৫ মে ওই কোচিং সেন্টারে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রীর বাবা মিশকাতের বিরুদ্ধে ১ জুন রামপাল থানায় মামলাটি করেন। সংশ্লিষ্ট আদালতের সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলী জিন্নাহ সাংবাদিকদের বলেন, ঘটনা ও পরিস্থিতি বিবেচনা করে আসামির বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাওয়ায় তাকে তাৎক্ষণিক গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত। মামলার অভিযোগে বলা হয়, ওইদিন ক্লাসের পর নোট ও গাইড দেওয়ার কথা বলে ওই ছাত্রীকে কোচিং সেন্টারে একা বসিয়ে রাখে অভিযুক্ত শিক্ষক। এক পর্যায়ে বৃষ্টি নামলে ছাত্রীটিকে ধর্ষণ করেন তিনি। হাইকোর্টে অভিযুক্ত শিক্ষকের পক্ষে শুনানি করেন মো. আব্দুল কুদ্দুস তরফদার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/২০০৭ ঘ.