২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সরকারি সম্পত্তি পুনরুদ্ধার আইন সংশোধন হবে'

সরকারি সম্পত্তির বেহাত ঠেকাতে সরকারি সম্পত্তি পুনরুদ্ধার আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2011, 02:07 PM

Updated : 24 Aug 2022, 03:38 PM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি সম্পত্তির বেহাত ঠেকাতে সরকারি সম্পত্তি পুনরুদ্ধার আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মঙ্গলবার সচিবালয়ে জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। অর্থমন্ত্রী বলেন, "সরকারি সম্পত্তি পুনরুদ্ধার আইন (পাবলিক ডিমান্ড রিকভারি এ্যাক্ট) অনুযায়ী তিন বছরের মধ্যে সরকারের সম্পদ উদ্ধার করা না গেলে তা তামাদী হয়ে যায়। এর ফলে সরকারের অনেক সম্পত্তি বেহাত হয়ে যাচ্ছে বলে জানান জেলা প্রশাসকরা। তারা আইনটি সংশোধনের প্রস্তাব করেছেন।" "তাই আইনটি সংশোধন করা হবে।" তিনদিনের জেলা প্রশাসক সম্মেলন মঙ্গলবার ঢাকায় শুরু হয়েছে। 'ডিসিদের বিশেষ সমন্বয় ভাতা নয়' অর্থমন্ত্রী আবদুল মুহিত বলেন, "জেলা প্রশাসকরা বলেছেন, তাদের অনেক দায়িত্ব পালন করতে হয়। তাই জেলা প্রশাসকদের জন্য আলাদা বিশেষ সমন্বয় ভাতা দেওয়া প্রয়োজন।" তবে ওই ভাতার দাবি আপাতত মানা সম্ভব নয় বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, "এ ভাতা দিতে গেলে বেতন কাঠামোতে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তবে ভবিষ্যতে বিষয়টি বিবেচনা করে দেখা হবে।" এছাড়া দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে জেলা প্রশাসকদের সহায়তা করার আহ্বান জানানো হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী বলেন, "জেলা প্রশাসকরা বলেছেন, [সরকারি] ভবনগুলো মানসম্পন্ন না হওয়ায় মফস্বল এলাকার কর্মকর্তারা সরকারি বাড়িতে থাকতে চান না। এর ফলে সরকারি ভবন খালি থাকছে। "মফস্বলের সরকারি কর্মকর্তাদের বাসাভাড়া বাবদ ভাতার পরিমাণ কমিয়ে দেওয়ার প্রস্তাব করেন তারা।" তাদের এ প্রস্তাব ভেবে দেখা হবে বলে জানান অর্থমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিডি/২০০৪ ঘ.