২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনাকে ইফতারে আমন্ত্রণ খালেদার

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইফতারে আমন্ত্রণ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2011, 12:55 PM

Updated : 24 Aug 2022, 03:38 PM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইফতারে আমন্ত্রণ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। মঙ্গলবার বিকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয়ে খালেদা জিয়ার আমন্ত্রণপত্র পৌঁছে দেয় বিএনপির সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনির নেতৃত্বে একটি প্রতিনিধি দল। একইসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকেও আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ৪ অগাস্ট বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রাজনীতিবিদদের সম্মানে এই ইফতার পার্টির আয়োজক বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। খালেদা-হাসিনা সর্বশেষ ২০১০ সালে সশস্ত্র বাহিনী বিভাগ আয়োজিত ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন। বিএনপির প্রতিনিধি দলটি খালেদা জিয়ার আমন্ত্রণপত্র আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃনাল কান্তি দাসের কাছে হস্তান্তর করে। পরে জনি সাংবাদিকদের বলেন, "আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমাদের দলের চেয়ারপার্সন রাজনীতিবিদদের সম্মানে আয়োজিত ইফতার পার্টিতে আমন্ত্রণ জানিয়েছেন।" ওই ইফতার পার্টিতে যোগ দিতে দেশের অন্য রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের কাছেও খালেদা জিয়ার আমন্ত্রণপত্র পৌঁছানো হচ্ছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৮৫০ ঘ.