২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলেজছাত্রীসহ তিনজনের অস্বাভাবিক মৃত্যু

রাজধানীর বংশাল, সবুজবাগ ও গুলশানে কলেজ ছাত্রীসহ তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2011, 02:53 PM

Updated : 24 Aug 2022, 03:38 PM

ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বংশাল, সবুজবাগ ও গুলশানে কলেজ ছাত্রীসহ তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এদের মধ্যে বংশালে সুবর্ণা সূত্রধর (২২) নামে এক বিউটিশিয়ান ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার সকাল ১১টার দিকে পুরান ঢাকার আবদুল হাদী লেনের 'রাঙগোলী' বিউটির্পালার থেকে সুবর্ণার লাশ উদ্ধার করে পুলিশ। বংশাল থানার ওসি জমির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে মেয়েটি ওই র্পালারে একাই থাকতো। সকালে অন্য বিউটিশিয়ানরা এসে দরজা বন্ধ পাওয়ায় র্পালারের মালিক রোজিনা মুসাকে বিষয়টি জানান। রোজিনা বিকল্প চাবি দিয়ে দরজা খুলে সুবর্ণাকে ঝুলন্ত দেখতে পেয়ে পুলিশে খবর দেন। ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ কলেজ মর্গে পাঠানো হয়েছে। নিহতের গ্রামের বাড়ি ভৈরবের কমলপুরে। বাবার নাম রতন সূত্রধর। এদিকে, সোমবার সকাল ১১টার দিকে সবুজবাগের মাণ্ডা এলাকায় ফরিদা আক্তার মৌসুমী (১৯) নামে এক কলেজ ছাত্রী বিষপানে আত্মহত্যা করেন। নিহতের বাবা ফরিদখান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেয়ে কেন বিষ খেয়েছে তা বুঝতে পারছি না। তবে রোববার রাতে মৌসুমীকে একটি ছেলে তার বাবা-মাসহ বিয়ের জন্য দেখতে এসেছিলো। তিনি জানান, মৌসুমী মহানগর আইডিয়েল স্কুল এন্ড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী। তিন বোন এক ভাইয়ের মধ্যে মৌসুমী বড়। সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিষ পানের পর স্বজনরা দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়। এ ছাড়া গুলশানে মো. জয়নাল (৩৫) নামে এক প্রহরী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। দুপুর ২টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, "বাসার জেনারেটর চালাতে গিয়ে জয়নাল বিদ্যুৎতাড়িত হয় বলে তার বাহক জসিম আমাকে জানিয়েছে। তবুও আমি বিষয়টি গুলশান থানাকে অবহিত করেছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২০৫১ ঘ.