২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত

নগরীর কয়েকটি বাজারে অভিযান ওজনে কম দেওয়া, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং ফরমালিন মেশানো মাছ বিক্রি করায় ৩৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2011, 02:52 PM

Updated : 24 Aug 2022, 03:38 PM

চট্টগ্রাম, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর কয়েকটি বাজারে অভিযান ওজনে কম দেওয়া, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং ফরমালিন মেশানো মাছ বিক্রি করায় ৩৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ফরমালিন মেশানো ১৪৪ কেজি আঙুর ধ্বংস করেছে আদালত। সোমবার সকাল ১১ থেকে বেলা ৩টা পর্যন্ত চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পরিচালনায় পাঁচটি পৃথক ভ্রাম্যমাণ আদালত নগরীর বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে এসব জরিমানা করে। রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চট্টগ্রামে বাজার তদারকিতে নামে বাজার তদারক কমিটি। তখন দোকানে মূল্য তালিকা না থাকা, অননুমোদিত বাটখারায় পণ্য ওজন দেওয়া, খাবার অযোগ্য পণ্য বিক্রি, পাইকারি মূল্যের রশিদ না থাকা এবং নির্ধারিত মূল্যের চেয়ে দাম বেশি নেওয়ায় খুচরা ব্যবসায়ীদের সতর্ক করেছিল বাজার তদারকি দল। ব্যবসায়ীরা সরকারের বেঁধে দেওয়া মূল্যে তেল, চিনি ও ছোলা বিক্রি না করায় সোমবার থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালত দলের সমন্বয়কারী চট্টগ্রাম জেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামসুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওজনে কম দেওয়ায় তিনটি বাজারের মাছ, মাংস এবং মুরগীর দোকানে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাজারগুলো হলো- নগরীর কর্ণফুলী বাজার, বহদ্দারহাট এবং আতুরার ডিপু বাজার। ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সফিকুল ইসলাম জানান, চকবজারের একটি মাছের দোকানে ওজনে কম দেওয়ায় দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া নগরীর রেল স্টেশন এলাকায় ফলে ফরমালিন মেশানোর দায়ে ১৪৪ কেজি আঙুর ধ্বংস করা হয়েছে বলে জানান তিনি। নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কর্ণেলহাট বাজার, পাহাড়তলী বাজার এবং ফইল্যাতলী বাজারের তিনটি শুঁটকির দোকানে ওজনে কম দেওয়ার দায়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ম্যাজিস্ট্রেট মুকিতুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্টিল মিল বাজার এবং ঈশান মিস্ত্রিরহাটে ওজনে কম দেওয়া ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি বলেন, সরকার নির্ধারিত মূল্যে তেল-চিনি ছোলা বিক্রি না করায় এবং মেয়াদোত্তীর্ণ পণ্য রাখাসহ খুচরা বাজারগুলোতে বেশ কিছু অসঙ্গতি দেখা গেছে। নগরীর বকশিরহাটে একটি মুদি দোকানে অনুমোদনহীন বাটখারায় পণ্য বিক্রি করায় একহাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান জেলা নির্বাহি ম্যাজিস্ট্রেট ফজলে এলাহি ওলি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/পিডি/২০৪৮ ঘ.