২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ওসমানী হত্যায় ৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

সিলেটে সাংবাদিক ফতেহ ওসমানী হত্যামামলায় ছয় জনকে আসামি করে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2011, 12:33 PM

Updated : 24 Aug 2022, 03:38 PM

সিলেট, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে সাংবাদিক ফতেহ ওসমানী হত্যামামলায় ছয় জনকে আসামি করে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। হত্যাকাণ্ডের ১৫ মাস পর সোমবার সিলেটের মুখ্য বিচারিক হাকিম আবু সৈয়দ মো. দিলজারের আদালতে এ অভিযোগপত্র দাখিল করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা সিলেট কোতোয়ালি থানার উপ-পরিদর্শক মো. আবদুর রহিম ছয় জনকে আসামি করেছেন। আসামিরা হলেন- সুনামগঞ্জ সদর উপজেলার মঙ্গলকাটা দুর্লভপুরের সাদ্দাম হোসেন ওরফে টাইগার সাদ্দাম, বিশ্বম্ভরপুর উপজেলার আমতলী গ্রামের সুমন, দিরাই উপজেলার ভাটিপাড়ার শাহ আলম, সিলেটের জৈন্তাপুর উপজেলার আদর্শগ্রামের কাশেম আলী, সিলেট নগরীর আরামবাগ ১৩ নম্বর বাসার স্বপন মিয়া ও কিশোরগঞ্জ জেলা সদরের নাগুয়া গ্রামের ফয়সল আহমদ রাসেল। এদের মধ্যে সুমন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আসামিরা সবাই সিলেট কারগারে আটক রয়েছেন। তদন্ত কর্মকর্তা রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছিনতাইয়ে বাধা দেওয়ায় সাংবাদিক ওসমানীকে ছুরিকাঘাত করা হয়েছিলো। গত বছরের ১৮ এপ্রিল রাতে সিলেট নগরীর শাহী ঈদগাহে দুর্বৃত্তরা মটর সাইকেল আরোহী সাপ্তাহিক ২০০০ এর সিলেট প্রতিনিধি ফতেহ ওসমানীকে ছুরিকাঘাত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই ঘটনায় নিহতের ভাই আল ফরহাদ বাদি হয়ে অজ্ঞাত হামলাকারীদের অভিযুক্ত করে মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮২৫ ঘ.