সিরাজগঞ্জ, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের চৌহালী উপজেলা পরিষদের কাছে যমুনার তীর রক্ষায় নির্মাণাধীন বাঁধের অন্তত ১০০ মিটার ধসে গেছে।
সোমবার ভোরসহ কয়েকদিনে বাঁধের তিনটি স্থানে ধস হয়। আকস্মিক এই ধসের ফলে স্থানীয় মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
চৌহালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. মোকদম আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত নভেম্বর ২৮ কোটি টাকা ব্যয়ে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে ১৫শ' মিটার তীর সংরক্ষণ বাঁধের নির্মাণ কাজ শুরু হয়। ইতোমধ্যেই সংস্কার কাজের ৮৫ শতাংশ শেষ হয়েছে।
বর্ষায় নদীর তীব্র স্রোতের কারণে উপজেলা পরিষদের কাছে তিনটি স্থানে ধসে গেছে।
স্থানীয় মকবুল হোসেন, শ্হা আলম ও ফকির চান অভিযোগ করেন, নির্মাণ কাজে অনিয়ম ও নিম্মমানের সরঞ্জাম ব্যবহারের কারণে নির্মাণাধীন এই বাঁধে বারবার ধস দেখা দিচ্ছে।
এই অভিযোগ অস্বীকার করে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আইএম রিয়াজুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জিওব্যাগ ও প্লাস্টিকের ব্যাগে বালি ভর্তি করে ভাঙ্গন রোধের চেষ্টা চলছে। ধস নিয়ন্ত্রণে রয়েছে।
তিনি আরো বলেন, নির্মাণ কাজ এখনো হস্তান্তর হয়নি। তাই ভাঙনের স্থানে ওই ঠিকাদারকেই সংস্কার করতে হবে। এজন্য নতুন করে কোনো অর্থ বরাদ্ধ দেওয়া হবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১৭ ঘ.
bdnews24