কিশোরগঞ্জ, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক সংস্কারের দাবিতে মালিকদের ডাকা ধর্মঘটের কারণে কিশোরগঞ্জের সঙ্গে ময়মনসিংহের বাস চলাচল সোমবার দুপুর থেকে বন্ধ রয়েছে।
হঠাৎ করেই এ ধর্মঘট ডাকায় ভোগান্তিতে পড়েছে এ রুটের যাত্রীরা। মালিক সমিতির নেতারা বলছেন, সড়ক সংস্কার না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।
সোমবার দুপুরে কিশোরগঞ্জ জেলা পরিবহন মালিক সমিতির সভায় ধর্মঘটের সিদ্ধান্ত হয়।
সমিতির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ সাংবাদিকদের বলেন, ৬৭ কিলোমিটার দীর্ঘ সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়ায় ২০০৭ সালে সংস্কার কাজ শুরু হয়। কিন্তু এতদিন হলেও সে কাজে কোনো গতি না থাকায় বাধ্য হয়ে এ কর্মসূচি দেওয়া হয়েছে।
ময়মনসিংহ পরিবহন মালিক সমিতিও এ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে বলে ওয়াদুদ জানান।
এ বিষয়ে যোগাযোগ করা হলে কিশোরগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, "যোগাযোগ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে দুটি প্রকল্পের আওতায় সড়কটি সংস্কারের কাজ চলছে।
কাজ শেষ হতে দেরির কারণ জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮১৫ ঘ.
bdnews24