২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মা-বাবার হত্যার বিচার চাইলেন ফরহাদ খাঁর মেয়ে

সাংবাদিক ফরহাদ খাঁ ও তার স্ত্রীকে খুনের মামলার সুষ্ঠ তদন্ত করে হত্যাকারীদের বিচার দাবি করেছেন তাদের একমাত্র সন্তান আইরিন পারভীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2011, 12:03 PM

Updated : 24 Aug 2022, 03:38 PM

ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক ফরহাদ খাঁ ও তার স্ত্রীকে খুনের মামলার সুষ্ঠ তদন্ত করে হত্যাকারীদের বিচার দাবি করেছেন তাদের একমাত্র সন্তান আইরিন পারভীন। সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি বলেন, ওই হত্যাকাণ্ডের সুষ্ঠ বিচার না হলে দেশে বারবার এমন ঘটনা ঘটবে। "আমাদের দেশে এ রকম হত্যাকাণ্ড আগেও ঘটেছে। সেই সব গুণীজনের হত্যার সুষ্ঠু বিচার না হওয়ায় পুনরাবৃত্তি ঘটছে।" ফরহাদ খাঁ হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করে খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান আইরিন। তিনি বলেন, "ঘটনার ছয় মাস পরে আমরা বুঝতে পারছি, এই মামলার সুষ্ঠু তদন্ত হচ্ছে না। আমরা নিরাপত্তাহীনতার মধ্যে আছি।" এই মামলার সুষ্ঠ বিচারের দাবিতে সাংবাদিক সমাজকে এগিয়ে আসারও আহ্বান জানান ফরহাদ খাঁর কন্যা। গত ২৭ জানুয়ারি রাতে নয়াপল্টনে নিজের বাসায় খুন হন ফরহাদ খাঁ ও তার স্ত্রী রহিমা খাতুন। তাদের হত্যায় জড়িত সন্দেহে ফরহাদের ভাগ্নে নাজিমুজ্জামান ইয়ন ও তার বন্ধু রাজুকে গ্রেপ্তার করে পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত উপ কমিশনার মো. মনিরুজ্জামান সে সময় সাংবাদিকদের বলেছিলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়ন ও রাজু জানিয়েছে, শুধু টাকার জন্যই ফরহাদ খাঁ ও তার স্ত্রীকে হত্যা করেছে তারা। পুলিশ ছয় মাসেও এই হত্যাকাণ্ডের অভিযোগপত্র না দেওয়ায় মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। তারা বলেন, একটি জোড়া খুনের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই হত্যাকাণ্ডে আরো কেউ জড়িত ছিল কি না- নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তা খতিয়ে দেখা জরুরি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/জেকে/১৭৫৬ ঘ.