২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় ২ স্কুলছাত্রের মৃত্যু

সিরাজগঞ্জ ও নেত্রকোনায় সোমবার সড়ক দুর্ঘটনায় দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2011, 12:00 PM

Updated : 24 Aug 2022, 03:38 PM

সিরাজগঞ্জ/নেত্রকোনা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ ও নেত্রকোনায় সোমবার সড়ক দুর্ঘটনায় দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সিরাজগঞ্জের দুর্ঘটনাটি ঘটে শাহজাদপুর উপজেলার জামিরতা সেতুর কাছে বেলা ১২টার দিকে। নিহত জুয়েল রানা (১৫) উপজেলার চরজামিরতা গ্রামের সামছুল হকের ছেলে এবং জামিরতা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীতে পড়তো। শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম জানান, জুয়েল সাইকেলে করে বাড়ি থেকে স্কুলে যাচ্ছিলো। জামিরতা সেতুর কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। পুলিশ অটোরিকশাাটি আটক করলেও এর চালক পলাতক। অন্য দুর্ঘটনাটি ঘটে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের পূর্বধলা উপজেলার বৌলাম এলাকায় সকাল ১০টার দিকে। নিহত তুহিন (১৫) গৌরীপুর উপজেলার রামচন্দ্রগর গ্রামের আবদুল বারেকের ছেলে। সে স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণীতে পড়তো। সে গৌরীপুর থেকে পূর্বধলায় মামার বাড়ি যাচ্ছিলো। পূর্বধলা থানার ওসি মো. আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, যাত্রীবাহী একটি বাসের চাপায় সাইকেল আরোহী তুহিন ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনার পর জনতা প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৭৫৫ ঘ.