২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীমঙ্গল মেয়রের কার্যক্রম স্থগিত

তথ্য গোপন করার অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভা মেয়রের কার্যক্রম এক মাস স্থগিত করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2011, 11:31 AM

Updated : 24 Aug 2022, 03:38 PM

ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তথ্য গোপন করার অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভা মেয়রের কার্যক্রম এক মাস স্থগিত করেছে আদালত। নির্বাচনে পরাজিত প্রতিদ্বন্দ্বীর আবেদনের পর সোমবার হাইকোর্ট এ আদেশ দেয়। পৌরসভার বর্তমান মেয়র মো. মহসিন মিয়া নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময় দেওয়া 'হলফনামায় তথ্য গোপন করেছেন' এই অভিযোগ এনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আহাদ মিয়া গত ২২ জুন নির্বাচন কমিশনে অভিযোগ করেন। অভিযোগ আমলে না নেয়ায় সকালে আহাদ মিয়া আবেদনটি হাইকোর্টে দাখিল করেন। অভিযোগ সম্পর্কে যথাযথ পদক্ষেপ গ্রহণ না করা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং অভিযোগ সম্পর্কে যথাযথ তদন্ত করার নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়েছে আদালত। বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চে দুই সপ্তাহের মধ্যে এর জবাব দিতে হবে। স্থানীয় সরকার সচিব, নির্বাচন কমিশন সচিব, মৌলভীবাজারের জেলা প্রশাসক, শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বর্তমান মেয়র মো. মহসিন মিয়াকে জবাব দিতে বলা হয়েছে। গত ১৮ জানুয়ারি ওই পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/জিএনএ/১৭২৯ ঘ.