২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জ বাঁধের ১৫০ মিটার হারালো নদীতে

সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধে আবার ধস দেখা দিয়েছে। সাত দিনের মধ্যে তৃতীয় দফা ধসে হারিয়ে গেছে বাঁধের ১৫০ মিটার এলাকা। এতে শহরবাসীর আতঙ্ক বেড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2011, 08:06 PM

Updated : 24 Aug 2022, 03:37 PM

সিরাজগঞ্জ, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধে আবার ধস দেখা দিয়েছে। সাত দিনের মধ্যে তৃতীয় দফা ধসে হারিয়ে গেছে বাঁধের ১৫০ মিটার এলাকা। এতে শহরবাসীর আতঙ্ক বেড়েছে। রোববার রাত সাড়ে ১১টায় শ্মশান ঘাট এলাকায় ধস শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই বাঁধের অন্তত দেড়শ' মিটার তলিয়ে যায়। এ নিয়ে ভাঙলো বাঁধের মোট ৩৮০ মিটার। এর আগে সোমবার রাতে ভেঙেছে ৭০ মিটার। বৃহস্পতিবার রাতে ভাঙে ১৬০ মিটার। রোববার ভাঙন শুরু হলে পানি উন্নয়ন বোর্ডের লোকজন ৪০০ বস্তা জিও ব্যাগ নিক্ষপ করে ভাঙন স্থানে। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। ভাঙনের খবর ছড়িয়ে পড়লে নদী তীরের মানুষ এসে ভীড় করে ভাঙন এলাকায়। পানি উন্নয়ন বোর্ডের সদস্যদের সঙ্গে তারাও বালিভর্তি জিও ব্যাগ ও সিসি ব্লক ফেলতে থাকে। ঘটনাস্থলে উপস্থিত সিরাজগঞ্জ পৌরসভার ওয়ার্ড কাউন্সিল তাজউদ্দিন জানান, নদী তীরের জনগণ আতঙ্কে রয়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। সদর উপেজেলা নির্বাহী কর্মকর্তা ও বাঁধ ধসের কারণ উদঘাটনে গঠিত তদন্ত কমিটির সদস্য মো. হোসেন অভিযোগ করেন, সাড়ে তিনমাস আগে বাঁধ এলাকাকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হয়েছিল। কিন্তু পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও পানিসম্পদ মন্ত্রণালয় বিষয়টিকে গুরুত্ব না দেওয়ায় কয়েকদিনের ব্যবধানে বারবার ধস নামছে। পুরো এলাকাকে ঝঁকিপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এ বাঁধ টিকে থাকার মতো কোনো অবস্থাই নেই। রাত দেড়টায় পাউবোর বিশেষায়িত শাখার উপবিভাগীয় প্রকৌশলী আনোয়ার সাদাত বলেন, ধস স্থানে প্রথমদিকে বার্জ নিয়ে জিও ব্যাগ ফেলা হয়েছে। এখন ট্রাকযোগে সিসি ব্লক আনার ব্যবস্থা হচ্ছে। ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ, জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা রয়েছেন। সঙ্গে এলাকার লোকজন। শহরের উত্তর গয়লার ব্যবসায়ী আব্দুল বারিক বলেন, "তিন সন্তানকে ঘুম থেকে তুলে রেখক এসেছি। বলেছি- যদি বাঁধ ভাঙে তাহলে যেন বাড়ির মালামাল রেখে নিরাপদে চলে যায়।" ২ দশমিক ৭ কিলোমিটারের এই বাঁধ নির্মাণ হয় ২০০৩ সালে। এর আগে ২০০৯ সালে ১০ ও ১৭ জুলাই এবং ২০১০ সালে ১৯ জুলাই এই বাঁধে ভাঙন হয়। বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০২০০ ঘ.