ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী এক দিনের সফরে ঢাকা পৌঁছেছেন। রোববার রাতে তাকে বহনকারী বিশেষ ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
সোমবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে অটিজম নিয়ে আয়োজিত আঞ্চলিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন ভারতের ক্ষমতাসীন জোট ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্সের প্রধান সোনিয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলনের উদ্বোধন করবেন।
দক্ষিণ এশিয়ায় অটিজম নিয়ে প্রথমবারের মতো এ ধরনের সম্মেলন আয়োজনের উদ্যোগ নেওয়ার পরপরই সোনিয়াকে আমন্ত্রণ জানিয়েছিলেন শেখ হাসিনা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো মনিরুল ইসলাম কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোনিয়া গান্ধীকে বহনকারী বিমানটি রাত পৌনে ৯টায় বিমানবন্দরে নামে।
মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে 'স্বাধীনতা সম্মাননা' দেবে বাংলাদেশ সরকার। সোমবার প্রয়াত ইন্দিরার পক্ষে সেই সম্মাননা গ্রহণ করবেন তার পুত্রবধূ সোনিয়া।
ইটালীয় বংশোদ্ভূত ভারতীয় রাজনীতিবিদ সোনিয়ার এই সফর হবে ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে নিহত হওয়ার পর ভারতীয় কংগ্রেস প্রধানের প্রথম বাংলাদেশ সফর।
এ ছাড়া দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনায় শেখ হাসিনার সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। সোনিয়ার এই সফরের পরপরই আগামী ৬ সেপ্টেম্বর দুই দিনের সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং।
অটিজম নিয়ে আঞ্চলিক সম্মেলন শুরু হবে সোমবার বেলা পৌনে ১১টায়। উদ্বোধনী দিনেই 'ঢাকা ঘোষণা' গৃহীত হবে।
অন্যদের মধ্যে শ্রীলঙ্কার ফার্স্ট লেডি শিরান্থি রাজপাকসে ও মালদ্বীপের উপরাষ্ট্রপতির স্ত্রী ইলহাম হোসাইন এই সম্মেলনে যোগ দেবেন। মধ্যপ্রাচ্য ও জাতিসংঘের প্রতিনিধি ও বিশেষজ্ঞরাও অংশ নেবেন দুই দিনের এই সম্মেলনে।
সম্মেলনে অংশগ্রহণকারীদের সম্মানে নৈশ ভোজের আয়োজন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল/জেকে/২২২২ ঘ.
bdnews24