২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাতুনগঞ্জে ২ দিন ধরে চিনি বিক্রি হচ্ছে না

দেশের অন্যতম প্রধান পাইকারি বাজার চট্টগ্রাম খাতুনগঞ্জে রোববার দ্বিতীয় দিনের মতো চিনি বিক্রি হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2011, 03:21 PM

Updated : 24 Aug 2022, 03:37 PM

চট্টগ্রাম, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের অন্যতম প্রধান পাইকারি বাজার চট্টগ্রাম খাতুনগঞ্জে রোববার দ্বিতীয় দিনের মতো চিনি বিক্রি হয়নি। শুক্রবার সাপ্তাহিক বন্ধের পর শনিবার থেকে খাতুনগঞ্জে চিনি বিক্রি প্রায় বন্ধ হয়ে যায়। গত বুধবার মিল মালিক ও পাইকারদের সঙ্গে বৈঠক করে প্রতি কেজি চিনির দাম ৬৫ টাকা নির্ধারণ করে সরকার। ব্যবসায়ীরা জানান, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকা, গত কয়েক মাস ধরে মিল থেকে চিনি সরবরাহ বন্ধ থাকা ও নির্ধারিত দামে চিনি বিক্রি করলে লোকসানের আশঙ্কায় চিনি বিক্রি বন্ধ হয়ে গেছে বলে জানান ব্যবসায়ীরা। রমজানকে সামনে রেখে দাম বৃদ্ধির আশঙ্কায় ভোক্তা এবং খুচরা বিক্রেতাদের 'আতঙ্কিত ক্রয় প্রবণতা'র কারণে স্বাভাবিকের চেয়ে চাহিদা বেড়ে যাওয়ায় বাজারের ভারসাম্য নষ্ট হয়েছে বলে ব্যবসায়ীদের অভিযোগ। এছাড়া সরকারের দর বেঁধে দেওয়া এবং তদারকির ক্ষেত্রে ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণাও পাইকারী বাজারে চিনি বিক্রি প্রায় বন্ধ হয়ে যাওয়ার অন্যতম কারণ বলে মনে করেন তারা। তবে তাদের আশা সোম-মঙ্গলবার থেকে বাজারে চিনির সরবরাহ বাড়লে সরকার নির্ধারিত দামেই চিনি পাওয়া যাবে। ' নির্ধারিত দামের বাধ্যবাধকতা ও সরবরাহ সংকট' রোববার খাতুনগঞ্জে গিয়ে দেখা যায়, খাতুনগঞ্জের পাইকারি ব্যবসায়ীরা তাদের আড়ৎ ও প্রতিষ্ঠান খোলা রাখলেও চিনি বিক্রি হয়নি। এ বিষয়ে খাতুনগঞ্জ পাইকারি ব্যবসায়ী মেসার্স আর এম এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী আলমগীর পারভেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যেসব ব্যবসায়ীর কাছে চিনি আছে তা বেশি দামে কেনা। বেশি দামে কিনে নির্ধারিত দামে বিক্রির বাধ্যবাধকতা ও সরবরাহ সংকটের কারণে চিনি বিক্রি প্রায় বন্ধ হয়ে গেছে। আলমগীর পারভেজ জানান, গত প্রায় তিন মাস ধরে বেসরকারি ছয়টি চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠানের মধ্যে সিটি গ্র"প ছাড়া কেউ বাজারে চিনি দিচ্ছে না। সিটি গ্র"প সরবরাহ বাড়ালেও তা মোট চাহিদার তুলনায় অপ্রতুল। খাতুনগঞ্জের হোসেন এন্ড ব্রাদার্সের স্বত্তাধিকারী এম হায়দার জানান, চিনি নিয়ে ব্যবসায়ীরা আতঙ্কের মধ্যে আছেন। চিনি বিক্রি নেই বললেই চলে। রোববার বাজারে কোনো ক্রেতা ছিল না। "আতঙ্কিত হয়ে গত কয়েক দিন খুচরা ব্যবসায়ী ও সাধারণ ভোক্তারা চিনি কেনা শুরু করে। এতে করে সরবরাহ-চাহিদা ভারসাম্যও নষ্ট হয়েছে।" খাতুনগঞ্জ বণিক সমিতির ক্ষোভ এদিকে বাজারে চিনির সংকট তৈরি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন খাতুনগঞ্জ শিল্প ও বণিক সমিতি সাধারণ সম্পাদক সৈয়দ সগির আহমেদ। তিনি বলেন, সরকারের সঙ্গে মিলমালিক এবং আমদানিকারকরা দফায় দফায় বৈঠক করে রমজানে তেল-চিনির সংকট তৈরি হবে না বলে কথা দিয়েছিলেন। "মিলমালিক ও আমদানিকারকরা করমুক্ত সুবিধার আওতায় চিনির কাঁচামাল আমদানি করেছেন। কিন্তু রমজানের আগে এসে বাজারে কেন সংকট সৃষ্টি হলো।" সংকটের জন্য প্রকৃত দায়ীদের চিহ্নিত করার দাবি জানিয়ে তিনি বলেন, মিলমালিকদের আশ্বাসের প্রেক্ষিতে খাতুনগঞ্জের ছোট ছোট আমদানিকারকরাও এবার চিনি আমদানি করেননি। ব্যবসায়ীরা জানান, সারাদেশে দৈনিক চিনির চাহিদা চার হাজার টন। রমজানে এ চাহিদা কিছুটা বেড়ে যায়। দেশের চিনি উৎপাদনকারী ছয়টি বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে পাঁচটিই গত প্রায় তিন মাস ধরে কোনো পরিশোধিত চিনি বিক্রি করছে না বলে জানান ব্যবসায়ীরা। শুধু সিটি গ্র"পের চিনি দিয়ে চট্টগ্রামের পাইকারি ব্যবসায়ীরা গত তিন মাসের চাহিদা মিটিয়েছেন। অন্য পাঁচ কারখানা হলো- দেশবন্ধু, পারটেক্স, মেঘনা, ঈগলু ও এস আলম গ্র"প। এর মধ্যে এস আলম ও দেশবন্ধু রোববার থেকে ব্যবসায়ীদের কাছে চিনি বিক্রি শুরু করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/পিডি/২১০১ ঘ.