২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ জেলায় নতুন ডিসি নিয়োগ

জেলা প্রশাসক সম্মেলন শুরুর দুইদিন আগে তিন জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2011, 02:28 PM

Updated : 24 Aug 2022, 03:37 PM

ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা প্রশাসক সম্মেলন শুরুর দুইদিন আগে তিন জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে। এদের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপসচিব গোলাম মো. হাসিবুল আলমকে পটুয়াখালী; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর একান্ত সচিব একেএম মিজানুর রহমানকে লক্ষ্মীপুর এবং সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশের ফিল্ড অ্যাডমিনিস্ট্রেটিভ স্পেশালিস্ট মুস্তাফিজুর রহমানকে যশোরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। যশোরের জেলা প্রশাসক পদে দায়িত্বরত যুগ্ম-সচিব নূরুল আমিনকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পদে বদলি করা হয়েছে। পটুয়াখালীর ডিসি মোহাম্মদ ইউসুফকে অর্থ বিভাগ এবং লক্ষ্মীপুরের ডিসি আবুল বাশার মো. জহুরুল ইসলামকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) উপসচিব পদে বদলি করা হয়েছে। এদিকে কারা অধিদপ্তরের প্রকল্প পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবীরকে ওএসডি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কারা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। সড়ক বিভাগের উপসচিব পদে বদলির আদেশাধীন মুহাম্মদ আকবর হুসাইনকে রেলপথ বিভাগে বদলি করা হয়েছে। পদায়নের জন্য সচিবালয় শাখায় ন্যস্ত সিনিয়র সহকারী সচিব সাইদুর রহমানকে স্বরাষ্ট্র সচিবের একান্ত সচিব নিয়োগ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২০২৩ ঘ.