২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিডিবি চেয়ারম্যানের মেয়াদ বাড়লো এক বছর

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান পদে চুক্তিতে থাকা এ এস এম আলমগীর কবীরের চুক্তির মেয়াদ আরো এক বছর বাড়ানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2011, 02:23 PM

Updated : 24 Aug 2022, 03:37 PM

ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান পদে চুক্তিতে থাকা এ এস এম আলমগীর কবীরের চুক্তির মেয়াদ আরো এক বছর বাড়ানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে রোববার তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়। এছাড়া প্রশাসনের বেশ কিছু পদে চুক্তি, প্রেষণে নিয়োগ এবং পদায়নের আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আলমগীর কবীরের এ মেয়াদ বাড়ানোর আদেশ আগামী ২৬ জুলাই অথবা কাজে যোগ দেওয়ার দিন থেকে কার্যকর হবে। গত ২০০৯ সালের ১৬ জুলাই তিনি পিডিবি'র চেয়ারম্যান পদে দুই বছরের জন্য চুক্তিতে নিয়োগ পান। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োজিত সেনা কর্মকর্তা মেজর জেনারেল মুহম্মদ ফেরদৌস মিয়াকে মূল কর্মস্থলে ফেরৎ পাঠাতে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনের সচিব শামসুজ্জামান ভূঁইয়াকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। ওই পদে প্রেষণে নিয়োগ পেয়েছেন একই মন্ত্রণালয়ের ওএসডি যুগ্ম-সচিব শেখ আব্দুল আহাদকে। 'ইয়ুথ এম্পাওয়ারমেন্ট থ্রু লাইফ স্কিলস এডুকেশন অ্যান্ড লাইভলিহুড অপরচুনিটি' প্রকল্পের প্রকল্প পরিচালক পদে প্রেষণে থাকা উপসচিব জগদীশ চন্দ্র বিশ্বাসকে প্রত্যাহার করে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। বিআরটিএ'র সচিব পদে প্রেষণে থাকা উপসচিব লোকমান আহমেদকে ওই প্রকল্পের নতুন প্রকল্প পরিচালক নিয়োগ করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক পদে প্রেষণে নিয়োজিত সেনা কর্মকর্তা মেজর এম এম মতিউর রহমানকে প্রত্যাহার করে মূল কর্মস্থলে ফেরৎ পাঠানোর জন্য সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। ফায়ার সার্ভিসের পরিচালক পদে নতুন নিয়োগ পেয়েছেন মেজর মোহাম্মদ জিহাদুল ইসলাম। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক পদে প্রেষণে থাকা সেনা কর্মকর্তা মেজর মেসবাহুল ইসলামকে প্রত্যাহার করে পদায়নের জন্য সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। চট্টগ্রাম মেরিন ফিশারিজ একাডেমীর উর্ধ্বতন প্রশিক্ষক পদে প্রেষণে থাকা নৌ-বাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম মাসুদুর রহমানকে নৌ-বাহিনীতে ফেরত পাঠাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। ওই পদে নতুন নিয়োগ পেয়েছেন একাডেমীর প্রশিক্ষক পদে প্রেষণে থাকা নৌ-বাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম আশরাফুল আলম ভূঁইয়া। নৌ-বাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট মেহেদী মাহমুদ নয়নকে একাডেমীর প্রশিক্ষক (নেভিগেশন) পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। জাতীয় সংসদ সচিবালয় মেডিক্যাল সেন্টারের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মোহাম্মদ ছানোয়ার রহমানকে প্রত্যাহার করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। সংসদ সচিবালয় মেডিক্যাল সেন্টারের আরএমও পদে নতুন নিয়োগ পেয়েছেন নারায়ণগঞ্জ আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. খান মো. জহির উদ্দিন। নির্বাচন কমিশনের অধীনে 'কনস্ট্রাকশন অব উপজেলা অ্যান্ড রিজিওনাল সার্ভার স্টেশন্স ফর ইলেক্টোরাল ডাটাবেইজ' প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক আশেক আহমেদ শিবলীকে মূল কর্মস্থলে পদায়নের জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। একই পদে নতুন নিয়োগ পেয়েছেন ঢাকা গণপূর্ত ডিজাইন বিভাগের-১ উপ-বিভাগীয় প্রকৌশলী মুহাম্মদ মনিরুজ্জামান। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের উপ-পরিচালক পদে প্রেষণে নিয়োজিত সহযোগী অধ্যাপক এস এম গাউসুল আজমকে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির একান্ত সচিব পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২০২০ ঘ.