সিলেট, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের গোলাপগঞ্জে আবারো গ্যাস ট্রান্সমিশন লিমিটেডের (জিটিসিএল) অপরিশোধিত জ্বালানি তেলের সঞ্চালন লাইন ছিদ্র হয়ে গেছে। এতে তেল ছড়িয়ে পড়ছে হাওরের পানিতে।
শনিবার রাতে ভাদেশ্বর ইউনিয়নের হাওরতলা গ্রামের একটি হাওরে সঞ্চালন লাইন থেকে তেল বের হতে দেখেন স্থানীয় এক কৃষক। তাৎক্ষণিক বিষয়টি জিটিসিএল কর্তৃপক্ষকে জানানো হয়। পরে কোম্পানির উপ মহাব্যবস্থাপক আব্দুল আহাদ, গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এজেডএম নুরুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ লাইন দিয়ে অপরিশোধিত জ্বালানি তেল সিলেটের কৈলাসটিলা গ্যাসফিল্ড থেকে পরিশোধনের জন্য আশুগঞ্জে পাঠানো হয়।
এর আগে গত ৬ জুলাই উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়নের চৌধুরী বাজারে একটি সঞ্চালন লাইন ছিদ্র হয়ে তেল ছড়িয়ে পড়ার ঘটনা ঘটে।
জিটিসিএলের সহকারী ব্যবস্থাপক নানক কান্তি দে জানান, "পাইপ ছিদ্র করে তেল চুরি করতে গিয়ে এ ঘটনা ঘটেছে। মেরামতের কাজ চলছে। তবে হাওরে পানি থাকায় মেরামতের সময় লাগছে।"
কি পরিমাণ গ্যাস নষ্ট হচ্ছে- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এক প্রশ্নের জবাবে আব্দুল আহাদ বলেন, "কি পরিমাণ তেল নষ্ট হয়েছে এখনই এ ব্যাপরে কিছু বলা যাচ্ছে না। তবে মেরামতের পর আমরা বিষয়টি সংবাদ মাধ্যমকে অবহিত করবো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৮১৬ ঘ.
bdnews24