ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যানবাহন চালানো অবস্থায় ব্যবহার করলে জরিমানার পাশাপাশি চালকদের মোবাইল ফোনও জব্দ করা হবে।
মিরসরাই ট্রাজেডির পর রোববার যোগাযোগ মন্ত্রণালয়ের জাতীয় সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের ৩৪তম সভার পর যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন এ কথা জানান।
মোবাইল ফোনে চালকের কথা বলা ওই দুর্ঘটনার কারণ বলে অভিযোগ উঠেছে, যাতে প্রাণ হারায় ৩৮ শিক্ষার্থী।
প্রাইভেট কার, জিপ এবং মাইক্রোবাসের চালকদের গাড়ি চালানোর সময় সিটবেল্ট না বাঁধলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও পুনরায় সতর্ক করেছেন মন্ত্রী।
তিনি জানান, সভায় আসন্ন রমজান মাসে ঢাকা মহানগরীসহ দেশের প্রধান বাণিজ্যকেন্দ্র এবং মহাসড়কগুলো যানজটমুক্ত রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
সভার পর নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের বলেন, অভিযোগ পাওয়া গেছে মহাসড়কে হাইওয়ে পুলিশের চাঁদাবাজিতে চালকরা অতিষ্ঠ হয়ে উঠেছে। হাইওয়ে পুলিশরা চালকদের কাছ থেকে টাকা নিচ্ছে, টাকা না দিলে মামলা দিচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া উচিৎ।
যানজট নিরসনে মহাসড়কের ওপর থেকে হাট সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ বলেন, মহাসড়ক থেকে হাট অপসারণ না করলে অবস্থা ভয়াবহ হবে।
"গাজীপুর চৌরাস্তায় হাট বসানোর কারণে দূরপাল্লার বাসগুলো ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে। এ বিষয়ে পুলিশের ভূমিকাও খুবই কম।"
প্রতিটি জেলার বিভিন্ন পয়েন্টে পরিবহন প্রতি ৩০০ থেকে ৪০০ টাকা চাঁদা আদায় হচ্ছে দাবি করে পরিবহন মালিক ও শ্রমিক নেতারা তা বন্ধে পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি জানান।
গত বছরের সেপ্টেম্বরের বৈঠকে প্রতিটি পরিবহনের জন্য ২০ টাকা মালিক সমিতি, ২০ টাকা শ্রমিক ফেডারেশন এবং যারা এ টাকা উত্তোলন করবে তাদের ১০ টাকা ধরে পরিচালন ব্যয় নির্ধারণ করা হয়েছিলো। তা কার্যকরের দাবি জানান মালিক-শ্রমিক নেতারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৭২০ ঘ.
bdnews24