লালমনিরহাট, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।
রোববার ভোর সাড়ে ৫টার দিকে বুড়িমারী সীমান্তের ৮৩৭ নম্বর মেইন পিলারের কাছে সানিয়াজান নদী থেকে রফিকুল ইসলামের (২৫) লাশ উদ্ধার করে পাটগ্রাম থানা পুলিশ।
গরু ব্যবসায়ী রফিকুল সীমান্তের ষোলঘড়িয়া মুদিরবাড়ী গ্রামের বাহার উদ্দিনের ছেলে।
বুড়িমারী বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার বাসেদ মিয়া জানান, ভারত থেকে গরু নিয়ে আসার পথে কুচবিহার জেলার ১০৪ বিএসএফ ব্যাটালিয়নের বিএসবাড়ি ক্যাম্পের সদস্যরা রফিকুলকে আটক করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "বিএসএফ'র শারিরীক নির্যাতনে রফিকুল মারা যায়। পরে তার লাশ নদীতে ভাসিয়ে দেওয়া হয়।"
এ বিষয়ে পতাকা বৈঠকের জন্য বিএসবাড়ী ক্যাম্পের বিএসএফকে চিঠি দিয়েছে বলে তিনি জানান।
লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাটে মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৫৪৫ ঘ.
bdnews24